২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিকারাগুয়ায় রুশ সামরিক বাহিনী মোতায়েনে অনুমোদন

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ডেনিয়েল ওর্তেগার সরকার আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবেলা এবং প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে মধ্য আমেরিকার দেশটিতে রুশ বাহিনী মোতায়েনে অনুমোদন দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2022, 04:34 PM

Updated : 02 Aug 2022, 01:45 PM

দিনকয়েক আগে প্রকাশিত এক নির্দেশনায় এ অনুমোদন দেওয়া হয় বলে বৃহস্পতিবার রাশিয়াও নিশ্চিত করেছে।

এ নির্দেশনায় ওর্তেগা রাশিয়ার বাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব, প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো জরুরি পরিস্থিতিতে মানবিক ত্রাণ, উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালানোর অনুমতি দিয়েছেন।

‘অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণের’ লক্ষ্যে রুশ বাহিনীর ছোট একটি দলের নিকারাগুয়ায় থাকার অনুমতিও দেওয়া হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

ওর্তেগা সরকারের এ পদক্ষেপকে ‘নিয়মিত কার্যক্রম’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

নিকারাগুয়া জানিয়েছে, তারা ভেনেজুয়েলা, হন্ডুরাস, গুয়াতেমালা, ডমিনিকান রিপাবলিক, কিউবা, মেক্সিকো, এল সালভাদর ও যুক্তরাষ্ট্রের ‘নৌ ও বিমান বাহিনীকে’ প্রবেশেরও অনুমতি দেবে; এই অনুমতি ২০২২ সালের দ্বিতীয়ভাগ জুড়ে বহাল থাকবে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

বিপ্লবের মাধ্যমে স্বৈরশাসক আনাস্তাসিও সোমোজাকে ক্ষমতাচ্যুত করে ১৯৭৯ সালে শাসনভার নেওয়ার পর থেকেই ওর্তেগার সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। সে দফায় ১৯৯০ পর্যন্ত ক্ষমতায় থাকার পর ২০০৭ সালে ফের প্রেসিডেন্ট হন তিনি।