ইউক্রেইনের পূর্বাঞ্চলে তুমুল লড়াই
ইউক্রেইনের পূর্বাঞ্চলের অন্যতম যুদ্ধক্ষেত্র সেভেরোদোনেৎস্ক শহরের রাস্তায় রাস্তায় তুমুল রক্তক্ষয়ী লড়াইয়ে নিজেদের অবস্থান ধরে রাখতে বেগ পেতে হচ্ছে ইউক্রেইনীয় বাহিনীকে।
পরিস্থিতি কঠিন বলে স্বীকার করে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, রাশিয়া যে অংশগুলো দখল করেছে তা পুনরুদ্ধারেও অঙ্গীকার করেছেন তিনি; জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ফেব্রুয়ারিতে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর মস্কো যেসব লক্ষ্য ঠিক করেছিল, তার একটি অর্জনের দ্বারপ্রান্তে থাকায় রুশ বাহিনী সেভেরেদোনেৎস্ক ও এর আশপাশে আক্রমণের তীব্রতা বাড়িয়েছে। সেভেরোদোনেৎস্ক ও লিসিচানস্ক দখলে নিতে পারলে পুরো লুহানস্ক প্রদেশ তাদের নিয়ন্ত্রণে চলে যাবে।
পাশের দোনেৎস্কের মতো মস্কোপন্থি বিচ্ছিন্নতাবাদীরা এই প্রদেশটিকেও স্বাধীন বলে ঘোষণা করেছিল। সেই স্বাধীনতাকে রাশিয়া স্বীকৃতি দিয়েছে। তাদের লক্ষ্য এখন দোনেৎস্ক ও লুহানস্ককে (একত্রে এই অঞ্চলকে দনবাস বলে) ইউক্রেইনীয় বাহিনীমুক্ত করে সেগুলোতে বিচ্ছিন্নতাবাদীদের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা।
“আমাদের সমগ্র ভূখণ্ডকে পুরোপুরি দখলমুক্ত করতে হবে,” মঙ্গলবার ব্রিটেনের পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমস আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও লিংকে যুক্ত হয়ে বলেন জেলেনস্কি।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সম্প্রতি মস্কোকে ‘অপমান’ না করা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছিলেন, যার অর্থ দাঁড়ায়, রাশিয়ার কিছু দাবি ইউক্রেইনের মেনে নেওয়া উচিত।
ফরাসী প্রেসিডেন্টের ওই মন্তব্যর ব্যাপারে জানতে চাইলে জেলেনস্কি বলেন, “আমরা কাউকে অপমান করতে যাচ্ছি না, জবাব দিতে যাচ্ছি।”
লুহানস্ক অঞ্চলের গভর্নর সের্হি হাইদাই বলেছেন, সেভেরোদোনেৎস্কের কেন্দ্রস্থলে রাশিয়ার হামলা প্রতিহত করা প্রতিরোধ যোদ্ধাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে।
সেভেরোদোনেৎস্ক, লিসিচানস্ক ও পপসানার পরিস্থিতি কঠিন বলে মঙ্গলবার জেলেনস্কিও স্বীকার করে নিয়েছেন।
মস্কো বলছে, ইউক্রেইনের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে তাদের বাহিনীগুলোর অগ্রগতি হচ্ছে,অভিযানে বেসামরিক লোক হতাহত কমাতে তারা সাবধানে এগুচ্ছে। অন্যদিকে জেলেনস্কি বলছেন, দনবাসে ‘বীরোচিত প্রতিরোধ যুদ্ধ’ এখনও চলছে।
কিইভ ও খারকিভ থেকে সরে আসার পর রুশ বাহিনী মূলত তাদের দৃষ্টি দনবাসেই নিবদ্ধ করেছে; এলাকাটি রাশিয়ার সীমান্তের অতি নিকটে।
মস্কো বলছে, তারা প্রতিবেশী দেশটিকে নিরস্ত্র ও ‘নাৎসিমুক্ত’ করতে সেখানে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে।
ইউক্রেইন ও তার মিত্রদের দাবি, ভিত্তিহীন দাবির ওপর রাশিয়ার চাপিয়ে দেওয়া যুদ্ধে হাজার হাজার লোকের প্রাণহানি হয়েছে, অসংখ্য শহর মাটির সঙ্গে মিশে গেছে, লাখ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
আগামী সপ্তাহে রাশিয়ার যুদ্ধাপরাধ নিয়ে একটি বই প্রকাশ করা হবে বলে জেলেনস্কি জানিয়েছেন।
সোমবার মাক্সার টেকনোলজিসের সংগ্রহ করা উপগ্রহের ছবিতে সেভেরোদোনেৎস্ক ও কাছাকাছি রুবিঝন শহরে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে।
“রাশিয়ার মাল্টিপল রকেট লঞ্চারস, স্বচালিত কামানগুলো উত্তরপূর্বে মোতায়েন করা আছে এবং সেগুলো এ শহরদুটির দিকে তাক করা,” বলেছে মার্কিন কোম্পানিটি।
সেভেরোদোনেৎস্কের ৮৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত স্লোভিয়ানস্কে মঙ্গলবার ছোট শিশুদের সঙ্গে নিয়ে নারীদেরকে ত্রাণ সংগ্রহের লাইনে দাঁড়াতে দেখা গেছে। রুশ বাহিনীর অগ্রসর হওয়ার খবরে বাসিন্দারা নানা প্রস্তুতি নিচ্ছেন।
“আমি থাকছি। আমি আমার স্বামীকে ছাড়া যাবো না। ও এখানে কাজ করে। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা থাকবো,” বলেছেন ত্রাণ সররাহ কেন্দ্রের বাইরে একটি শিশুকে নিয়ে অপেক্ষায় থাকা ইরিনা। তিনি তার নামের শেষাংশ বলেননি।
মঙ্গলবার ইউক্রেইনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও গোলাবর্ষণ করা হয়েছে এবং একজন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় মেয়র। উত্তরপূর্বের এ শহরটি বেশ কয়েকসপ্তাহ ধরে তুলনামূলক শান্তই ছিল।
মারিউপোলের অবরোধ শেষ হওয়ার দুই সপ্তাহেরও বেশি সময় পর রুশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্রকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাস জানিয়েছে, শহরটিতে আত্মসমর্পণ করা হাজারেরও বেশি ইউক্রেইনীয় সেনাকে জিজ্ঞাসাবাদের জন্য রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন
