২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞা লঙ্ঘন: রুশ ধনকুবেরের উড়োজাহাজ জব্দে মার্কিন আদালতে পরোয়ানা

যুক্তরাষ্ট্রের একটি আদালত সোমবার রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের বিলাসবহুল দুইটি উড়োজাহাজ জব্দ করতে পরোয়ানা জারি করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Jun 2022, 11:54 PM

Updated : 02 Aug 2022, 01:43 PM

ইউক্রেইনে আগ্রাসনের জেরে রাশিয়ার উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা উপেক্ষা করায় আব্রামোভিচের উড়োজাহাজ দুটি জব্দ করার এই আদেশ এসেছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় থেকে আব্রামোভিচের বিরুদ্ধে প্রশাসনিক অভিযোগ দায়েরের পর ম্যানহাটানের একজন ফেডারেল জজ ওই পরোয়ানা জারি করেন। তবে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ দুটি জব্দ করার সম্ভাবনা নিয়ে সংশয় আছে।

উড়োজাহাজ দুটির মূল্য প্রায় ৪০ কোটি মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের বিচারবিভাগীয় এক কর্মকর্তা জানান, ৩৫ কোটি মার্কিন ডলার মূল্যের বোয়িং ৭৮৭ ‘ড্রিমলাইনার’ এবং ৬ কোটি মার্কিন ডলারের গল্ফস্ট্রিম জি৬৫০ ইআর উড়োজাহাজ দুটি বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে নেই।

সেগুলো কোথায় আছে সেটি যুক্তরাষ্ট্র জানে কিনা সে বিষয়ে ওই কর্মকর্তা কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেছেন, খুব সম্ভবত উড়োজাহাজ দুটি সরিয়ে ফেলতে কোনো কোম্পানি যেন সাহায্য না করতে পারে তাই জব্দ করার ওই পরোয়ানা জারি করা হয়েছে।

ইউক্রেইন যুদ্ধের জেরে রাশিয়ার উপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপে ফেলতে চাইছে। একই কারণে পুতিন ঘনিষ্ঠ রুশ ধনকুবেরদের উপরও নানা নিষেধাজ্ঞা আরোপ করে তাদের চাপে রাখতে চাইছে যুক্তরাষ্ট্র।

আব্রামোভিচ অবশ্য বার বার দাবি করেছেন, পুতিনের সঙ্গে তার ঘনিষ্ঠতা নেই। উড়োজাহাজ জব্দ করার বিষয়ে কথা বলতে রয়টার্স থেকে আব্রামোভিচের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, গত ১২ মার্চ আব্রামোভিচের উড়োজাহাজ ‘গল্ফস্ট্রিম’ ইস্তাম্বুল থেকে মস্কো উড়ে গেছে। পরদিন সেখান থেকে তেল-আবিব যায়। ১৫ মার্চ আবারও ইস্তাম্বুল থেকে মস্কো যায়। আর অপর উড়োজাহাজ বোয়িং ৭৮৭ ‘ড্রিমলাইনার’ গত ৪ মার্চ দুবাই থেকে মস্কো উড়ে যায়।

যেহেতু আব্রামোভিচের উড়োজাহাজ দুটি যুক্তরাষ্ট্রের তৈরি এবং রাশিয়ার উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর সেগুলো রাশিয়ায় উড়ে গেছে, তাই ওড়ার আগে সেগুলোকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমতি (লাইসেন্স) নেওয়ার প্রয়োজন ছিল।

কিন্তু অনুমতির জন্য কোনও আবেদন করা হয়নি। যদিও আবেদন করা হলেও তা বাতিল হয়ে যেত বলে জানান মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

অনুমতি না নিয়েই ফ্লাইট পরিচালনা করায় মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় প্রতি ফ্লাইটের জন্য আব্রামোভিচকে তিন লাখ ২৮ হাজার ১২১ মার্কিন ডলার জরিমানা অথবা তিন ফ্লাইটের জন্য প্রায় ১০ লাখ মার্কিন ডলার জরিমানা করতে পারে।

এক বিবৃতিতে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা জন সোন্ডারম্যান বলেন, ‘‘আব্রামোভিচের মতো রুশ ধনকুবেরদের কোনও পরিণতি ভোগ করা ছাড়াই যুক্তরাষ্ট্রের রপ্তানি বিধি লঙ্ঘন করার অনুমতি দেওয়া হবে না।”

ইউক্রেইন যুদ্ধের শুরু থেকেই মস্কো ও কিইভের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছেন আব্রামোভিচ। ব্যক্তি হিসেবে তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেনি । তবে যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন আব্রামোভিচের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।