আস্থা ভোটের আগে সমর্থন আদায়ের চেষ্টায় জনসন
লকডাউনের বিধি ভঙ্গ করে সরকারি বাসভবনে মদের পার্টি আয়োজন করে বেকায়দায় পড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে নিজ দল কনজারভেটিভ পার্টির এমপি’দের অনাস্থা ভোট হতে চলেছে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টার মধ্যে।
জনসন ক্ষমতাসীন দলের নেতৃত্বে থাকতে পারবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত বেরিয়ে আসবে হাউজ অব কমন্সের এ ভোটে। তার আগেই কনজারভেটিভ এমপি’দেরকে চিঠি দিয়ে জনসন তাকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এমপি-দের উদ্দেশে তিনি ভাষণও দিতে চলেছেন বলে জানিয়েছে বিবিসি। ১০ নং ডাউনিং স্টি্রট জানিয়েছে, জনসন কয়েকমাসের জল্পনা অবসানের একটি সুযোগ হিসাবে এই আস্থা ভোটকে স্বাগত জানিয়েছেন।
তার মন্ত্রিসভার বেশিরভাগই বলেছেন, তারা জনসনকে সমর্থন দেবেন। তবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট বলেছেন, জনসনের চলে যাওয়া উচিত।
ওদিকে, জনসন এমপি’দের সমর্থন চেয়ে বলেছেন, “সব আলোচনা-সমালোচনাকে পেছনে ফেলে সরকারের কাজ এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে এই আস্থা ভোট। আপনারা সমর্থন দিলে আজ রাতেই আমরা এক বড় ধরনের উপহার আমাদের মুঠোর মধ্যে নিয়ে আসতে পারি।”
“আমরা এই সমস্ত শোরগোল থামিয়ে দিয়ে আমাদের কাজ চালিয়ে যেতে পারি।” সরকারের কাজের সাফল্য তুলে ধরতে জনসন কোভিড-১৯ টিকাদান কর্মসূচি, বেকারত্বের হার কমানো, ইউক্রেইন যুদ্ধে সহায়তা এবং শরণার্থী সঙ্কট সামাল দেওয়ার বিষয়গুলো উল্লেখ করেন।
তাছাড়া, ক্ষমতায় টিকলে আগামীতে সরকারের আরও কিছু ভাল কাজ করে দেখানোর প্রতিশ্রুতিও দিয়েছেন জনসন। আস্থা ভোটে হেরে গেলে জনসনকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে এবং কনজারভেটিভরা তখন নতুন নেতা বেছে নেবে।
সোমবারের রাতের ভোটে সংখ্যাগরিষ্ঠ এমপি (অন্তত ১৮০ জন) জনসনের বিপক্ষে ভোট দিলে তিনি হেরে যাবেন। বিরোধীদল লেবার নেতা কির স্টারমার কনজারভেটিভ এমপি’দেরকে কিছুটা অন্তত নেতৃত্ব দেখানোর আহ্বান জানিয়ে জনসনের বিপক্ষে ভাট দেওয়ার ডাক দিয়েছেন।
আর জনসনের নিজস্ব কনজারভেটিভ দলের যে এমপি’রা তার বিরুদ্ধে ভোট দিতে ইচ্ছুক তারা বলছেন, প্রধানমন্ত্রী মন্ত্রীদের আচরণবিধি লঙ্ঘন করেছেন বলেই তারা মনে করেন। সেকারণেই তারা জনসনের বিরুদ্ধে ভোট দিতে চান। তবে জনসনের ডাউনিং স্ট্রিট আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে।
