সেভেরোদোনেৎস্ক ঘিরে ‘উত্তপ্ত’ লড়াই চলছে: সামরিক গোয়েন্দা প্রধান
ইউক্রেইনে সেভেরোদোনেৎস্ক ঘিরেই এখন সবচেয়ে ‘উত্তপ্ত’ লড়াই চলছে বলে জানিয়েছে দেশটির সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল কিরিলো বুদানোভ।
তবে শত্রুপক্ষ গোলাবর্ষণ করে ১০ গুণ সুবিধাজনক অবস্থানে থাকার পরও ইউক্রেইনীয় বাহিনী রুশ বাহিনীকে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ এই পূর্বাঞ্চলীয় নগরী থেকে দূরে হটিয়ে দিচ্ছে বলে দাবি করেছেন বুদানোভ।
তবে তার এই দাবি নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি। এর আগে নগরীটির কিছু অংশ পুনর্দখলে ইউক্রেইনীয় বাহিনী সাফল্য পেলেও আঞ্চলিক গভর্নর সতর্ক করে দিয়ে বলেছিলেন, সেভেরোদোনেৎস্ক এর পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে।
বিবিসি জানায়, রুশ সেনারা কাছের একটি নগরী স্লোভিয়ানস্ক দখলের চেষ্টা করছে বলে জানিয়েছে ইউক্রেইনের সশস্ত্র বাহিনী। পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলেই বেশির ভাগ লড়াই চলছে।
ইউক্রেইনকে নিরস্ত্র ও ‘নাৎসিমুক্ত’ করতে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে প্রতিবেশী দেশটিতে অভিযানে নামা রাশিয়া সাম্প্রতিক মাসগুলোতে ‘দনবাস মুক্ত করার’ দিকে বেশি মনোযোগী হয়েছে। সেভেরোদোনেৎস্ক ও লিসিচানস্ক নিয়ন্ত্রণে নিতে পারলে পুরো লুহানস্ক অঞ্চল তাদের দখলে চলে আসবে।
লুহানস্ক আর দোনেৎস্ক প্রদেশ মিলেই দনবাস; ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর সময় রাশিয়া যেসব লক্ষ্য ঠিক করেছিল, তার একটি ছিল দনবাস থেকে ইউক্রেইনীয় বাহিনীকে হটিয়ে সেখানে মস্কোপন্থি বিচ্ছিন্নতাবাদীদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা।
