যুক্তরাষ্ট্রের সবুজসংকেতে ভেনেজুয়েলার তেল যাবে ইউরোপে
রাশিয়ার জ্বালানির উপর নিষেধাজ্ঞার ফলে ইউরোপের বাজারে তেলের যে সংকট দেখা দিয়েছে, তা সামাল দিতে এবার ভেনেজুয়েলার তেল সরবরাহ অনুমোদন করছে যুক্তরাষ্ট্র। অথচ দুই বছর আগে তারাই এই ভেনেজুয়েলার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
ইতালির তেল কোম্পানি ‘এনি এসপিয়া’ এবং স্পেনের ‘রেপসল এসএ’ আগামী মাস নাগাদ ভেনেজুয়েলার তেলের চালান ইউরোপে নেওয়া শুরু করবে। যুক্তরাষ্ট্র এই দুই কোম্পানিকে এরই মধ্যে সবুজসংকেত দিয়েছে।
এ বিষয়ে জানেন এমন পাঁচ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে এ খবর জানিয়েছেন। তবে এজন্য ভেনেজুয়েলা নগদ অর্থ পাবে না। ঋণ পরিশোধ করতে তারা তেল দেবে।
অথচ দুই বছর আগে এ ব্যবস্থাতেই আপত্তি ছিল যুক্তরাষ্ট্রের। তারা ঋণের বদলে ভেনেজুয়েলার তেল আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
তবে এনি ও রেপসল যে পরিমাণ তেল পাবে সেই অংক খুব বেশি বড় নয় বলে জানান এক কর্মকর্তা। বিশ্ববাজারে তেলের দামে এর তেমন প্রভাব পড়বে না। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর ভেনেজুয়েলার তেলের আবার ইউরোপ যাত্রার পথ সুগম হওয়া নিঃসন্দেহে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর জন্য দারুণ সুখবর।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় গত মাসে এক চিঠিতে ইতালি ও স্পেনের ওই দুই কোম্পানিকে ভেনেজুয়েলার তেল আমদানির অনুমতি দেয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন আশা করছে, ভেনেজুয়েলার ক্রুড জ্বালানির জন্য রাশিয়ার উপর ইউরোপের নির্ভরশীলতা কমিয়ে আনতে সহায়তা করবে। একইসঙ্গে ভেনেজুয়েলার চীনের কাছে তেল বিক্রির পরিমাণ হ্রাস করবে।
ভেনেজুয়েলার রাষ্ট্রায়াত্ত তেল কোম্পানি পিডিভিএসএ-র সঙ্গে ইউরোপের ওই দুটো কোম্পানির যৌথ ব্যবসা রয়েছে। তারা এখন অপরিশোধিত ঋণ এবং না দেওয়া লভ্যাংশ হিসেবে ভেনেজুয়েলার কাছ থেকে তেল নিতে পারবে।
তবে যুক্তরাষ্ট্র একটি শর্ত বেঁধে দিয়েছে বলে জানান এক কর্মকর্তা। তিনি বলেন, ‘‘ভেনেজুয়েলার কাছ থেকে যে তেল নেওয়া হবে সেটা শুধুমাত্র ইউরোপেই যাবে। অন্য কোথাও বিক্রি করা যাবে না।”
ফলে তেল বিক্রি হলেও পিডিভিএসএ কোনো অর্থ হাতে পাবে না বলে বিশ্বাস ওয়াশিংটনের। এই বিনিময় হবে সম্পূর্ণ ‘ক্যাশ ফ্রি’ বলে জানান ওই কর্মকর্তা।
ভেনেজুয়েলা অর্থের বিনিময়ে চীনের কাছে তেল বিক্রি করে। এদিকে, চীন যেহেতু রাশিয়ার উপর আরোপ করা পশ্চিমা নিষেধাজ্ঞায় সই করেনি তাই তারা দেশটির কাছ থেকে তেল ও গ্যাস কেনা অব্যাহত রেখে। চীন যে এখন রাশিয়ার থেকে ছাড় মূল্যে তেল-গ্যাস পাচ্ছে সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই।
এনি এবং রেপসল গত মাসে যুক্তরাষ্ট্র থেকে ওই অনুমতি পায় বলে জানায় রয়টার্স। এ বিষয়ে কথা বলতে কোম্পানি দুটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের নাগাল পায়নি রয়টার্স।
যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত দেশটির তেলের উপর আরোপ করা নিষেধাজ্ঞা সম্পূর্ণরূপে তুলে নেয়ার পথ প্রশস্ত করল বলে আশা প্রকাশ করেছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগুয়েজ।
গত মাসে এক টুইটে তিনি লেখেন, ‘‘যুক্তরাষ্ট্রের এই পাল্টে যাওয়া অবৈধ ওই নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহারের পথ সুগম করবে বলে আশা করছি। ওই নিষেধাজ্ঞার কারণে আমাদের পুরো দেশ ও জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে।”
বাইডেন প্রশাসন গত মার্চ মাস থেকেই কারাকাসের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা শুরু করে। ওই আলোচনার ফল স্বরূপ ভেনেজুয়েলা এরইমধ্যে অন্তত ১০ জন মার্কিন নাগরিককে জেল থেকে মুক্তি দিয়েছে এবং বিরোধীদলের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা পুনরায় শুরুর বিষয়েও প্রতিশ্রুতি দিয়েছে। তবে মাদুরো এখনো আলোচনার টেবিলে ফিরে যাওয়ার বিষয়ে মত দেননি। তাই কবে নাগাদ আলোচনা হতে পারে তা জানা যায়নি।
