২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনকে সোভিয়েত আমলের এস-৩০০ দিল স্লোভাকিয়া

ইউক্রেইনকে এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দান করা হয়েছে বলে জানিয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Apr 2022, 11:01 PM

Updated : 29 Apr 2022, 12:02 AM

যুক্তরাষ্ট্রসহ ৩০ টি দেশ কিইভকে সামরিক সহযোগিতা জোরদার করছে বলে ওয়াশিংটন ঘোষণা দেওয়ার পরদিন শুক্রবার স্লোভাকিয়া এ ঘোষণা দিল।

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে ইউক্রেইনকে এই প্রথম আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিল নেটো সদস্যদেশ স্লোভাকিয়া। 

১৯৯৩ সালে চেকোস্লোভাকিয়ার কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর স্লোভাকিয়া সোভিয়েত আমলে নির্মিত এই এস-৩০০ ব্যবস্থা পেয়েছিল।

শুক্রবার কিয়েভ সফরে গেছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী হেগার। স্লোভাকিয়ার নিজেদের নিরাপত্তা অটুট রয়েছে বলে জানিয়েছেন তিনি।

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে আগ্রাসন শুরু করেছে। তখন থেকে রুশ বাহিনীকে ঠেকাতে ইউক্রেইন বরাবরই পশ্চিমা দেশগুলোর কাছে প্রতিরক্ষার জন্য অস্ত্র এবং ভারি সামরিক সাজ সরঞ্জামের আকুল আবেদন জানিয়ে আসছেন।

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী হেগার বলেন, “আমি নিশ্চিত করে জানাচ্ছি, স্লোভাকিয়া এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেইনকে দান করেছে। রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় আত্মরক্ষার জন্য সহযোগিতার অনুরোধের ভিত্তিতে এটি দেওয়া হয়েছে।”

স্লোভাকিয়া এখন নিজেদের এস-৩০০ প্রতিরক্ষা ব্যবস্থার জায়গায় ‍যুক্তরাষ্ট্র থেকে পাওয়া প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে কাজ চালাবে।

মার্চে নেটো মিত্র দেশ জার্মানি ও নেদারল্যান্ডস তিনটি মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্লোভাকিয়ায় নিয়ে যায়।

তখন এস-৩০০’র পরিপূরক হিসাবে ওই ব্যবস্থার কথা ভাবা হয়েছিল এবং প্রতিস্থাপনের মতো অস্ত্র পাওয়া গেলে এস-৩০০ এর ব্যবহার বাদ দেওয়ার কথা বিবেচনা করা হবে বলে জানিয়েছিল দেশটি।