সৌদি আরবে শনিবার থেকে রোজা
রমজানের চাঁদ দেখা যাওয়ায় শনিবার থেকে রোজা রাখা শুরু করবেন সৌদি আরবের মুসলমানরা।
সৌদি আরবের সর্বোচ্চ কর্তৃপক্ষ শনিবার এই সিদ্ধান্ত দিয়েছে বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে আরব নিউজ।
২০১৯ সালের পর এবারই প্রথম করোনাভাইরাসের বিধিনিষেধ ছাড়া রোজা পালনের সুযোগ পাচ্ছেন সৌদি নাগরিকরা।
তবে ওমান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই রোববার থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে।
বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসবে। হিজরি ১৪৪৩ সালের রমজান মাসের চাঁদ দেখার খবর পর্যালোচনা করে সেখানে রোজা শুরুর তারিখ নির্ধারণ করা হবে।
ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান ওই সভায় সভাপতিত্ব করবেন বলে শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রমজান ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র একটি মাস। এই এক মাস সংযম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করে মুসলমানরা।
ভোররাতে সেহরি খেয়ে প্রতি দিন রোজা শুরু করেন তারা। সন্ধ্যায় ইফতারের মধ্য দিয়ে রোজা ভাঙা হয়।
শনিবার চাঁদ দেখা গেলে বাংলাদেশে রোববার (৩ এপ্রিল) থেকে রমজান মাস গণনা শুরু হবে। মুসলমানরা শনিবার রাতে তারাবি নামাজ পড়ে ওই রাতেই সেহরি খেয়ে রোজা রাখবেন।
আর শনিবার চাঁদ দেখা না গেলে রোববার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। রমজান মাস গণনা শুরু হবে সোমবার থেকে এবং রোববার রাতে হবে প্রথম তারাবি।
সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ হয়ে থাকে।
শনিবার বাংলাদেশের আকাশে কোথাও নতুন চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে ফোন করে বা ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
এ ছাড়া সংশ্লিষ্ট জেলার ডিসি অথবা উপজেলা নির্বাহী অফিসারকে চাঁদ দেখার তথ্য জানাতে অনুরোধ করা হয়েছে।
