২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চেরনোবিল থেকে ‘সরছে রুশ বাহিনী’

চেরনোবিলের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও নিকটবর্তী শহর স্লাভুতিচ থেকে রাশিয়া সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে ইউক্রেইনের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2022, 01:48 PM

Updated : 02 Aug 2022, 03:16 PM

বৃহস্পতিবার এক বিবৃতিতে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানি এনারহোয়াতোম  একথা জানায়।

তাদের এ ভাষ্যের সঙ্গে পেন্টাগনের বুধবারের প্রতিবেদনের মিল রয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

ওই প্রতিবেদনে পেন্টাগন বলেছিল, ইউক্রেইনের উত্তরে অবস্থিত বন্ধ বিদ্যুৎকেন্দ্রটির আশপাশের এলাকা থেকে রাশিয়ার সেনারা সরছে।

ইতিহাসের অন্যতম ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের কেন্দ্রে থাকা বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়া কয়েক সপ্তাহ ধরে দখলে রেখেছিল।

ইউক্রেইনের হামলার প্রথম দিকেই বেলারুশ সীমান্তের কাছে ওই কেন্দ্রটির দখল নিয়েছিল রাশিয়ার বাহিনীগুলো। এই কেন্দ্রটির কর্মীরা ১৯৮৬  সালের বিপর্যয়ের পর থেকেই সেখানকার পারমাণবিক বর্জ্য সুরক্ষিত রাখার বিষয়টি তদরক করে আসছিল।

দখলে নেওয়ার পর রাশিয়া বেশ কয়েকদিন বন্ধ বিদ্যুৎকেন্দ্রটির সুরক্ষার দায়িত্বে থাকা বিশেষায়িত কর্মীদের দায়িত্ব ছেড়ে চলে যেতে বাধা দিয়েছিল। তাদের এই পদক্ষেপে সারাক্ষণ পর্যবেক্ষণে রাখা দরকার এমন পরমাণু কেন্দ্রটিকে ঘিরে বড় ধরনের আশঙ্কা ছড়িয়েছিল।

কয়েকদিন আগে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) সতর্ক করে বলেছিল, চেরনোবিল সংশ্লিষ্ট এলাকায় সাম্প্রতিক তুমুল লড়াই অকেজো পরমাণু কেন্দ্রটিকে নিরাপদে রাখার চেষ্টা করা কর্মীদের সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

পরমাণু স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে ইউক্রেইনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে মঙ্গলবার আইএইএ-র প্রধান দেশটিতে গিয়েছিলেন। এসব স্থাপনা রুশ বাহিনীর লক্ষ্যস্থলগুলোর মধ্যে অন্যতম।

বৃহস্পতিবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এনারহোয়াতোম জানিয়েছে, রুশ বাহিনীর একাধিক দল বেলারুশ সঙ্গে থাকা ইউক্রেইনের সীমান্ত অভিমুখে রওনা হয়েছে।

ইউক্রেইনের চারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রই এনারহোয়াতোম পরিচালনা করে।

পারমাণবিক কেন্দ্রের বেশিরভাগ কর্মী যে শহরে থাকে সেই স্লাভুতিচ থেকেও রাশিয়া সেনা প্রত্যাহার করে সীমান্তের দিকে নিয়ে গেছে; তবে কিছু রুশ সেনা এখনো পারমাণবিক কেন্দ্রটিতে আছে. বলেছে এনারহোয়াতেহাম।

কয়েকদিন আগেও স্লাভুতিচকে ঘিরে রাশিয়া ও ইউক্রেইনীয় সেনাদের মধ্যে তুমুল লড়াই হয়।

বিশ্বের পারমাণবিক চুল্লিগুলোর নিরাপত্তা মান ঠিক রাখার দায়িত্বে থাকা জাতিসংঘের সংস্থা আইএইএ বুধবার এক বিবৃতিতে ২১ মার্চ থেকে চেরনোবিল বিদ্যুৎকেন্দ্রের ‘স্টাফ রোটেশন’ হয়নি বলে জানিয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ইউক্রেইনের দক্ষিণাঞ্চলের একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নিয়েও তাদের উদ্বেগের কথা জানিয়ে আসছে। মার্চের শুরুর দিকে ওই স্থাপনাটিকে ঘিরে তুমুল লড়াইয়ের কারণে কেন্দ্রটিতে আগুন ধরে গিয়েছিল।