২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার নতুন হামলার জন্য প্রস্তুত হচ্ছে ইউক্রেইন: জেলেনস্কি

ইউক্রেইনের বাহিনীগুলো দেশটির পূর্বাঞ্চলে রাশিয়ার নতুন আক্রমণ মোকাবেলার জন্য প্রস্তুত হচ্ছে বলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2022, 10:41 AM

Updated : 02 Aug 2022, 03:15 PM

বৃহস্পতিবার ভোরে এক ভিডিও ভাষণে তিনি বলেন, রাজধানী কিইভের কাছে বিপর্যয়ের পর রাশিয়া পূর্বাঞ্চলে তাদের সেনাদের জড়ো করছে।

প্রতিবেশী দেশটিতে রাশিয়ার আক্রমণ এখন পঞ্চম সপ্তাহে গড়িয়েছে। এরমধ্যেই ইউক্রেইনের ৪০ লাখেরও বেশি মানুষ বাড়িঘর ছেড়ে প্রতিবেশী অন্য দেশগুলোতে গিয়ে আশ্রয় নিয়েছে। এই যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা স্নায়ু যুদ্ধের পর থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠেছে।

ইউক্রেইনীয় বাহিনীগুলোর প্রবল প্রতিরোধের কারণে দেশটির কোনো বড় শহরের দখল নিতে পারেনি রাশিয়া। তারা কিইভে রাশিয়ার সামরিক বাহিনীর একটি বড় দলকে কয়েক সপ্তাহ ধরে ঠেকিয়ে রেখেছে

চলতি সপ্তাহে ইস্তাম্বুলে দুই দেশের মধ্যে শান্তি আলোচনায় রাশিয়া জানিয়েছিল, বিশ্বাস গড়ে তুলতে তারা কিইভের কাছে ও উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে অভিযান হ্রাস করবে।

কিন্তু ইউক্রেইন ও যুক্তরাষ্ট্রসহ এর পশ্চিমা মিত্ররা রাশিয়ার এই প্রতিশ্রুতিকে উড়িয়ে দিয়ে এটি তাদের ক্ষয়ক্ষতি এড়ানোর কৌশল এবং অন্য আক্রমণের প্রস্তুতির অজুহাত বলে মন্তব্য করেছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

রাশিয়া বলেছে, পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী দনবাস অঞ্চলকে ‘মুক্ত’ করার জন্য তাদের সেনারা ফের সংগঠিত হচ্ছে।

নিজের ভিডিও ভাষণে জেলেনস্কি কিইভ ও চেরনিহিভ থেকে রাশিয়ার সেনাদের সরিয়ে নেওয়ার বিষয়টি উল্লেখ করে বলেছেন, “এটি সেনা প্রত্যাহার নয়, আমাদের প্রতিরোধকারীদের কাজের ফলাফল। দনবাসে নতুন করে হামলা চালানোর জন্য রাশিয়ার বাহিনীগুলো সংগঠিত হচ্ছে আর আমরা তার জন্য প্রস্তুত হচ্ছি।”

রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীরা দনবাসের বিস্তৃত একটি অংশ নিয়ন্ত্রণ করছে, মস্কোর সঙ্গে তাদের ঘনিষ্ঠ মিত্রতা আছে। এই দনবাসের দুই স্বঘোষিত ‘গণপ্রজাতন্ত্র’কে ইউক্রেইনের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হতে তারা সহায়তা করছে বলে দাবি রাশিয়ার।

এদের মধ্যে দোনেৎস্ক গণপ্রজাতন্ত্রের নেতা দিনিশ পুশিলিন বুধবার বলেছেন, আক্রমণাত্মক অভিযান আরও জোরদার করা হয়েছে।

তিনি বলেছেন, “আমরা খুব ভালো করেই জানি, আমাদের অঞ্চল মুক্ত করতে যত বেশি সময় লাগবে, যেসব এলাকা এখন ইউক্রেইনের নিয়ন্ত্রণে আছে সেখানে আরও প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটবে।”

অবরুদ্ধ বন্দরনগরী মারিউপোলের অবস্থানও দোনেৎস্কে। ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেইনে অভিযান শুরু করার পর থেকে এখানে সবচেয়ে তীব্র কয়েকটি লড়াই ও ব্যাপক বোমাবর্ষণের ঘটনা ঘটেছে। অবরুদ্ধ শহরটিতে প্রায় এক লাখ ৭০ হাজার মানুষ আটকা পড়ে আছে যাদের কাছে পর্যাপ্ত খাবার ও পানি নেই।

রাশিয়ার বাহিনীগুলো কৌশলগভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরটির অর্ধেক দখল করে নিয়েছে বলে বুধবার জানিয়েছেন জেলেনস্কির একজন উপদেষ্টা।

রুশ বার্তা সংস্থাগুলো জানিয়েছে, বৃহস্পতিবার মারিউপোলে তারা একটি অস্ত্রবিরতি পর্যবেক্ষণ করার প্রস্তুতি নিয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

আরও পড়ুন:

ইউক্রেইন ছেড়ে পালিয়েছে ৪০ লাখ মানুষ  

রাশিয়ার অন্তর্ভুক্ত হওয়ার পথে হাঁটতে পারে ইউক্রেইনের দোনেৎস্কও  

শান্তির প্রতিশ্রুতি দিয়েও ইউক্রেইনে নতুন করে হামলা রাশিয়ার