রাশিয়ার অন্তর্ভুক্ত হওয়ার পথে হাঁটতে পারে ইউক্রেইনের দোনেৎস্কও
রাশিয়ার অন্তর্ভুক্ত হওয়ার আগ্রহের কথা আগেই জানিয়েছিল ইউক্রেইনের রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চল লুহান্সক। এবার পূর্ব ইউক্রেইনের স্বঘোষিত প্রজাতন্ত্র দোনেৎস্কও রাশিয়ার অন্তর্ভুক্ত হওয়ার পথে হাঁটতে পারে বলে শোনা যাচ্ছে।
রাশিয়া-সমর্থিত দোনেৎস্কের বিচ্ছিন্নতাবাদী নেতা ডেনিস পুশিলিনের বরাত দিয়ে সেখানকার সংবাদ সংস্থাগুলো মঙ্গলবার এ খবর দিয়েছে।
পুশিলিনের বরাত দিয়ে দোনেৎস্ক নিউজ এজেন্সির খবরে বলা হয়, রাশিয়ান ফেডারেশনে যোগ দেয়ার জন্য, ইচ্ছা এবং আকাঙ্ক্ষা পূরণের জন্য, তারা ২০১৪ সাল থেকেই স্পষ্টভাবে এপথ অনুসরণ করে আসছে, রাশিয়ায় থাকার ইচ্ছা লালন করে আসছে।
“কিন্তু এখন প্রধান কাজ হচ্ছে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের সাংবিধানিক সীমানা নির্ধারণ করা। তারপর আমরা রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে এগুব,” বলেন পুশিলিন।
দোনেৎস্কের বিচ্ছিন্নতাবাদীদের নেতা পুশিলিনের এ মন্তব্যের মাত্র দুইদিন আগে পূর্ব ইউক্রেইনের আরেক বিচ্ছিন্নতাবাদী অঞ্চল লুহানস্ক প্রজাতন্ত্রের প্রধন জানিয়েছিলেন, তারা রাশিয়ার সঙ্গে যোগ দেওয়ার প্রশ্নে গণভোট আয়োজন করবে।
মূলত পূর্ব ইউক্রেইনে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্কের স্বাধীনতার প্রশ্ন নিয়েই একমাস আগে ইউক্রেইনে আগ্রাসন শুরু করে রাশিয়া।
দোনেৎস্ক ও লুহানস্কের বিচ্ছিন্নতাবাদীরা নিজেদের স্বাধীনতা ঘোষণা করলে তার স্বীকৃতি দিয়ে মিত্রদের রক্ষার নামে তিনদিন পর ইউক্রেইনে ঢুকে পড়ে রুশ বাহিনী।
লুহানস্কের গণভোট আয়োজন নিয়ে কিইভ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, এ ধরনের কোনও আয়োজনের আইনি ভিত্তি নেই এবং এর বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্ব কড়া জবাব দেবে।
ইউক্রেইন বলছে, সম্রাজ্যবাদের ধাঁচে রাশিয়া যেভাবে তাদের ভূমি দখল করছে তার বিরুদ্ধে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই করছে তারা। তারা বার বার বলেছে, তারা কিছুতেই তাদের ভূমি রাশিয়ার অংশ হতে দেখাকে মেনে নেবে না।
