সাংহাইয়ে লকডাউনে আতঙ্কিত বাসিন্দাদের নিত্যপণ্য কেনায় হুলুস্থুল
চীনের সাংহাইয়ে লকডাউনের মধ্যে আতঙ্কিত বাসিন্দাদের নিত্যপণ্য কিনে বাড়িতে মজুদ করার হুলুস্থুল পড়ে গেছে। অনেকে আবার কাজকর্ম সচল রাখতে অফিসেই কোয়ারেন্টিন পালন করছেন।
চীনের সবচেয়ে জনবহুল নগরী সাংহাইয়ে আড়াই কোটির বেশি মানুষ বাস করে। কোভিড-১৯ মহামারীর বিস্তার রোধে নগরীটি দুইভাগে বিভক্ত করে কঠোর লকডাউন জারি করা হয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় কর্তৃপক্ষ হুয়াংপু নদী ধরে নগরীকে দুই ভাগে ভাগ করেছে। একটি অংশ নদীর পূর্ব পাড়ের পুডং এলাকা এবং অন্যটি নদীর পশ্চিমপাড়ের পক্সি এলাকা।
গত সোমবার থেকে ১ এপ্রিল পর্যন্ত পুডং অংশে লকডাউন জারি থাকছে এবং ১ থেকে ৫ এপ্রিলে পক্সি অংশে লকডাউন জারি হওয়ার কথা রয়েছে। লকডাউনের সময়টিতে কর্তৃপক্ষ কোভিড শনাক্তে ব্যাপক পরীক্ষা চালানোর লক্ষ্যমাত্রা নিয়েছে।
বিশ্বের অনেক দেশে এখনও প্রতিদিন যত কোভিড রোগী শনাক্ত হচ্ছে, তার তুলনায় সাংহাইয়ের দৈনিক শনাক্ত কম হলেও অতি সংক্রামক ওমিক্রণ ধরন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় নগরীটি এখন সরকারের নেওয়া ‘শূন্য কোভিড’ কৌশল বাস্তবায়নের পরীক্ষাগার হয়ে উঠেছে।
বার্ত সংস্থা রয়টার্স জানায়, সোমবারও সাংহাইয়ে রেকর্ড ৪ হাজার ৩৮১ উপসর্গবিহীন কোভিড রোগী শনাক্ত হয়েছে; এর বাইরে উপসর্গ পাওয়া গেছে আরও ৯৬ জনের দেহে।
এ সপ্তাহের শুরুতে নগরী জুড়ে গুজব ছড়ায় পক্সি এলাকায় লকডাউনের সময় কয়েকদিন এগিয়ে আনা হবে এবং নগরীর কোয়ারেন্টিনের সময়ও বাড়বে। যার জেরে আতঙ্কিত নগরবাসীরা সুপারমার্কেটগুলোতে ঝাঁপিয়ে পড়ে কেনাকাটা শুরু করে।
মঙ্গলবার নগর কর্তৃপক্ষ বাসিন্দাদের আতঙ্কিত না হতে এবং ‘গুজবে’ কান না দিতে বলেছেন বলে জানায় বিবিসি।
তবে রয়টার্স জানায়, পশ্চিম দিকে বাস করেন এমন বেশ কয়েকজন বলেছেন, তারা তাদের হাউজিং কমিটি থেকে নোটিস পেয়েছেন। সেখানে তাদের বলা হয়েছে, আগামী সাতদিন তারা তাদের কাম্পাউন্ড থেকে বের হতে পারবেন না।
বিভক্ত সাংহাইয়ে জীবন কেমন চলছে?
নগরীতে অবস্থান করা বিবিসি-র প্রতিনিধিরা সেখানকার বর্তমান অবস্থা জানিয়েছেন।
পক্সি থেকে জানানো হয়: ‘‘সোমবার আমি হুয়াংপু, জিং’আন, জুহুই জেলাগুলোতে সাইকেল চালিয়ে ঘুরেছি। সড়কগুলোতে মানুষের অনেক ভিড় ছিল এবং লোকজন নিত্যপণ্য মজুদ করতে অনেক বেশি কেনাকাটা করছিল।
আমি সুপারমার্কেট এবং কাঁচাবাজারের বাইরে মানুষের লম্বা লাইন দেখেছি। যেহেতু একসঙ্গে সীমিত সংখ্যায় ক্রেতাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, তাই সেগুলোর দরজা থেকে মানুষের লাইন সড়ক পর্যন্ত চলে গেছে।
“রাস্তার পাশে একটি কাঁচাবাজারে একজন কসাই মাত্রই বড় একখণ্ড শূকরের মাংস নিয়ে আসেন। সেখান থেকে মাংস কিনতে ক্রেতারা তাকে চারপাশ থেকে ঘিরে ধরে চিৎকার করছিল।”
পক্সির অন্য একজন জানান, কয়েক সপ্তাহ আগেই তার কম্পাউন্ডে লকডাউন জারি করা হয়েছিল।
“আমার কয়েকজন প্রতিবেশী দীর্ঘ দিন অনুপস্থিত থাকার কারণে চাকরি চলে যাওয়া নিয়ে দুঃশ্চিন্তা করছিলেন। কেউ কেউ বলছিলেন, দীর্ঘদিন একা একা থাকার কারণে তারা হতাশায় ভুগছেন।
“বিশৃঙ্খল কোভিড টেস্ট এবং অস্থির হয়ে অনলাইনে কেনাকাটা করেই আমাদের দিন পার হচ্ছে। আমি ঘড়িতে সকাল ৬টায় এলার্ম দিয়েছি। যাতে আমি সকাল সকাল পণ্য অর্ডার দিতে পারি। মাঝে মাঝে তো পণ্য না থাকায় বা ডেলিভারি দেওয়ার লোক না থাকায় অর্ডার বাতিল হয়ে যায়।”
“অনেকে অপেক্ষায় আছেন, যাদের অল্প কয়েকজনই উত্তর পান।”
পুডং থেকে:
“পরবর্তী কোভিড পরীক্ষার তারিখ কবে? আমরা কী বাইরে হাঁটার অনুমতি পাব? যাদি আমরা খাবার অর্ডার করতে চাই তবে কী ফুড অ্যাপ চেক করতে পারবো? মানুষ এখন মূলত এসব প্রশ্নই করছে।
তাদের কথায়, “গত কয়েক দিনে আমরা এমনকী আমদের সড়কের শেষ মাথা পর্যন্ত যেতে পারিনি। একজন প্রতিবেশী গতকাল বড় বড় কয়েক বোতল বিশুদ্ধ পানি ভরে সামনে রেখে দিয়েছিলেন। যেন লোকেরা এসে তা নিতে পারে। আবার কেউ দলবদ্ধভাবে সবজি ও ডিম কেনার আয়োজন করেছে।”
“আমরা সবাই একটা কথাই ভাবছি। কয়েক দিনের মধ্যে প্রায় আড়াই কোটি মানুষের কোভিড পরীক্ষা করা, সেগুলোর ফল বের করা এবং তাদের মধ্যে কারা বাহক তাদের খুঁজে বের করে আলাদা করা সম্ভব কিনা, তারপর আবার সব কিছু খুলে দেওয়া যাবে কিনা। আমরা কয়েক সপ্তাহের জন্য প্রস্তুতি নিচ্ছি।”
