নিষিদ্ধ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
নিষেধাজ্ঞা আরোপের পরও উত্তর কোরিয়া একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে বলে দাবি দক্ষিণ কোরিয়া ও জাপানের।
বিবিসি জানায়, ২০১৭ সালের পর এই প্রথম উত্তর কোরিয়া এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল।
জাপানের কর্মকর্তারা বলেন, বৃহস্পতিবার উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি এক ঘণ্টার বেশি সময় উড়ে ১১শ কিলোমিটার (৬৮৪ মাইল) পথ পাড়ি দিয়ে জাপানের সমুদ্রসীমায় গিয়ে পড়ে।
আইসিবিএম (এস) ক্ষেপণাস্ত্রগুলো পরমাণু অস্ত্র বহনে সক্ষম করে নকশা করা হয়েছে। এটা যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ডে উত্তর কোরিয়ার আঘাত হানার সক্ষমতাকে বৃদ্ধি করেছে।
যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলো এই পরীক্ষাকে উত্তর কোরিয়ার বড় ধরনের উসকানিমূলক আচরণ বলে বর্ণনা করে এর নিন্দা জানিয়েছে।
এ বছরের শুরু থেকেই উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নজিরবিহীনভাবে বাড়িয়ে দিয়েছে।
যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া বলছে, উত্তর কোরিয়া সম্প্রতি যে পরীক্ষাগুলো চালিয়েছে সেগুলো একটি আইসিবিএম সিস্টেমের কার্যক্ষমতা পরীক্ষার অংশ। যদিও পিয়ংইয়ংয়ের দাবি, তারা ভূউপগ্রহ উৎক্ষেপণ করেছে।
বিবিসি-র ধারণা, বৃহস্পতিবার উত্তর কোরিয়া যে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে সেটা সম্ভবত একদমই নতুন এবং পাঁচ বছর আগে পরীক্ষা চালানো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটির তুলনায় অনেক বেশি শক্তিশালী।
জাপানের কর্মকর্তারা জানান, এবারের ক্ষেপণাস্ত্রটি আকাশে ছয় হাজার কিলোমিটারের বেশি উঁচুতে উঠেছিল।
