২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনাস্থা ভোটের আগে পদত্যাগ করবেন না ইমরান খান

পাকিস্তানের ক্ষমতায় আসীন হওয়ার পর সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়া প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধীদের আহ্বান প্রত্যাখ্যান করে বলেছেন, তিনি পদত্যাগ করবেন না।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Mar 2022, 09:15 PM

Updated : 02 Aug 2022, 03:11 PM

শুক্রবার পাকিস্তানের পার্লামেন্টে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলা নিয়ে অধিবেশন শুরু হবে। তার আগেই বিরোধীরা তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছিলেন।

কিন্তু বুধবার এক বিবৃতিতে ইমরান বলেছেন, “আমি কোনও পরিস্থিতিতেই পদত্যাগ করব না। লড়াই না করেই আত্মসমর্পণ করব না। ‘অসাধুদের’ চাপে আমি কেন পদত্যাগ করব?”

শুক্রবার পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব নিয়ে অধিবেশন শুরুর পর ইমরান খানকে সরানো হবে কিনা সে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নে ভোটাভুটি হতে ৭ দিন সময় লাগতে পারে।

অনাস্থা ভোট অনুষ্ঠানের চেষ্টাকে কেন্দ্র করে পাকিস্তানে সাংবিধানিক, প্রশাসনিক ও অর্থনৈতিক সংকট দেখা দেওয়ার ঝুঁকি বেড়েছে।

এ মাসে পাকিস্তানের বিরোধী দলগুলো ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। তাদের দাবি, সাবেক এই ক্রিকেট তারকা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন।

ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব: শুক্রবার বসছে পার্লামেন্ট অধিবেশন  

ইমরানের দলের ২০ জন আইনপ্রণেতা দল ছেড়ে যাওয়ার পর বিরোধীরা এই প্রস্তাব আনে এবং তার পদত্যাগের দাবি তোলে।

বিরোধীদলগুলো ইমরান খানের বিরুদ্ধে অর্থনীতি এবং পররাষ্ট্রনীতিতে অব্যবস্থাপনার অভিযোগ করেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ইমরান খান।

পাকিস্তানে কোনও প্রধানমন্ত্রীই তার মেয়াদ পূর্ণ করতে পারেনি। আর ইমরানের দল ছেড়ে ভিন্নমতাবলম্বী আইনপ্রণেতারা চলে যাওয়ায় তার সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় নূন্যতম ১৭২ আসনেরও প্রায় এক ডজন আসন কম হয়ে গেছে।

পার্লামেন্টের নিম্নকক্ষে বিরোধীদলগুলোর জোটবদ্ধভাবে ১৬৩ টি আসন আছে। তবে দলছুট এমপি’রা অনাস্থা ভোটের মধ্য দিয়ে বিরোধীপক্ষে যোগ দিলে তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে যেতে পারে।

তাছাড়া, বিরোধীপক্ষ এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের প্রভাবশালী সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের আর সদ্ভাব নেই, যে সেনাবাহিনীর সমর্থন পাকিস্তানে ক্ষমতায় যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

ইমরান খানের দল চার বছর আগে সেনাবাহিনীর সমর্থনে ক্ষমতা অর্জন করেছিল বলেই ধারণা করা হয়। তবে ইমরান তাকে ক্ষমতায় বসাতে সেনাবাহিনীর কোনও ভূমিকা থাকার কথা অস্বীকার করেছেন। আর সেনাবাহিনী বলছে, তারা রাজনীতিতে হস্তক্ষেপ করে না।