২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের ছোট্ট শহর যেভাবে রাশিয়ার বড় পরিকল্পনা রুখে দিয়েছে

ইউক্রেইনের ছোট্ট শহর ভোজনেসেনস্ক এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি সেতুর দখল নিতে গিয়ে রুশ বাহিনী যে প্রতিরোধের মুখোমুখি হয়েছে তা এখন পর্যন্ত যুদ্ধে হওয়া সবচেয়ে ভয়ঙ্কর লড়াইয়ের একটি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2022, 10:59 PM

Updated : 28 Apr 2022, 11:55 PM

ভোজনেসেনস্ক শহরের দখল নিতে পারলে রুশ বাহিনী কৃষ্ণ সাগর উপকূল ধরে আরও পশ্চিমে দ্রুত অগ্রসর হতে পারবে। সঙ্গে ইউক্রেইনের বৃহৎ বন্দর ওডেসা এবং একটি বড় পরমাণু শক্তি কেন্দ্রের নিয়ন্ত্রণ পাবে।

তবে এখন পর্যন্ত ইউক্রেইনের সেনাবাহিনী এবং স্থানীয় স্বেচ্ছাসেবীদের নিয়ে গড়া একটি বাহিনী তাদের প্রতিরোধ করে রেখেছে। রাশিয়ার ইউক্রেইন দখলের পরিকল্পনায় যা বিপর্যয়কর আঘাত।

যেভাবে রুশ বাহিনীকে আটকে দেয় ভোজনেসেনস্ক:

ভোজনেসেনস্ক শহর প্রতিরোধকারীরা প্রথমেই শহরে ঢোকার গুরুত্বপূর্ণ সেতুটি উড়িয়ে দেয়। তারপর দুইদিনের প্রাণপণ লড়াইয়ে তারা হানাদার রুশ বাহিনীকে ১০০ কিলোমিটারের বেশি পূর্বে পিছিয়ে যেতে বাধ্য করে।

ভোজনেসেনস্কের ৩২ বছর বয়সী তরুণ মেয়র ইভহেনি ভেলিচকো বলেন, ‘‘আমরা এটা কীভাবে করেছি সেটা ভাষায় বর্ণনা করা কঠিন। আমাদের স্থানীয় জনগণ এবং ইউক্রেইনের সেনাবাহিনীর লড়াই করার অদম্য স্প্রিহা কারণে এটা সম্ভব হয়েছে, ধন্যবাদ তাদের প্রাপ্ত।”

টাউন হলে নিজের কার্যালয়ে দেহবর্ম পরে কাজ করেন মেয়র ভেলিচকো। যেন যুদ্ধে যেতে সদা প্রস্তুত।

ওই লড়াই জিতে যাওয়ার প্রায় তিন সপ্তাহ পর মেয়র সতর্ক করে বলেছেন, সম্ভবত শিগগির রুশ বাহিনী আবার ফিরে আসবে এবং দ্বিতীয়বার শহর সুরক্ষার লড়াই করতে আমাদের অস্ত্র ও গোলাবারুদের অভাবে পড়তে হবে।

তিনি বলেন, ‘‘কৌশলগত দিক দিয়ে এই জায়গা খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুধু আমাদের শহরই রক্ষা করছি না, বরং এই শহরের উপর দিয়ে পেছনে যে অঞ্চলে যেতে হয় তার পুরোটা রক্ষা করছি। আমাদের শত্রুদের হাতে যেসব ভারি অস্ত্র আছে তা আমাদের কাছে নেই।”

তিনি পশ্চিমা মিত্রদের কাছে আরও অস্ত্র চেয়ে বলেন, ‘‘তাদের পাঠানো অস্ত্র দিয়ে আমরা এখানে শত্রুদের মোকাবেলা করছি, সেজন্য তাদের শুধু ধন্যবাদই দিতে পারি। এবং আমরা আমাদের মিত্রদের তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমাদের আরও সাহায্য প্রয়োজন। শত্রুদের সমর বহর আসছে।”