২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের দক্ষিণে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স মিলল

চীনের দক্ষিণাঞ্চলে গুয়াংশির পার্বত্য এলাকায় ১৩২ আরোহী নিয়ে বিধ্বস্ত বিমানের দুটি ব্ল্যাক বক্সের একটি পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের এক কর্মকর্তা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2022, 05:02 PM

Updated : 02 Aug 2022, 03:11 PM

সোমবার চীনের ইস্টার্ন এয়ারলাইন্সের জেট ইঞ্জিন চালিত বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, দুর্ঘটনার পর থেকে বিমানের ব্ল্যাক বক্স উদ্ধারে জোর তৎপরতা শুরু হলেও বৃষ্টির কারণে তা বিঘ্নিত হয়; পরে বুধবার বিমান চলাচল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের এক কর্মকর্তা একটি ব্ল্যাক বক্সের সন্ধান পাওয়ার কথা জানান।

আরেকটি উদ্ধারে চেষ্টা চলছে।

বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি কেন মাঝ আকাশ থেকে খাড়া নিচে পড়ে বিধ্বস্ত হল, তার কারণ উদঘাটনে ব্ল্যাক বক্স দুটো সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

চীনে ১৩২ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত  

চীনে বৃষ্টির কারণে বিধ্বস্ত বিমানের আরোহীদের খোঁজ স্থগিত  

ফ্লাইট এমইউ৫৭৩৫ চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের রাজধানী শহর কুনমিং থেকে গুয়াংডং প্রদেশের রাজধানী গুয়াংজোতে যাচ্ছিল। অবতরণের আগে যখন নিচের দিকে নামার কথা তখনই হঠাৎ করে এটি ফ্লাইটের মূল উচ্চতা থেকে সোজা নিচে পড়ে বিধ্বস্ত হয়।

কীভাবে এ ঘটনাটি ঘটল তা এখনও নির্ণয় করা যায়নি। চীনের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটি ‍টুকরা টুকরা হয়ে যাওয়ায় তদন্ত খুব কঠিন হতে পারে।

চীন গত দুই দশকে তাদের বিমান নিরাপত্তা মানের অনেক উন্নতি ঘটিয়েছে আর সোমবারের ঘটনাটি ১২ বছরের মধ্যে প্রথম বড় দুর্ঘটনা।