২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে বৃষ্টির কারণে বিধ্বস্ত বিমানের আরোহীদের খোঁজ স্থগিত

চীনের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হতে থাকায় বিধ্বস্ত উড়োজাহাজের আরোহীদের ও ফ্লাইটের তথ্য থাকা ব্ল্যাক বক্সের খোঁজে চলা তল্লাশি অভিযান স্থগিত রাখা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2022, 12:30 PM

Updated : 25 Oct 2022, 10:19 AM

দুই দিন আগে সোমবার চীনের দক্ষিণাঞ্চলে গুয়াংশির পার্বত্য এলাকায় পাহাড়ি ঢালের ঘন বনাঞ্চলে ১৩২ জন আরোহী নিয়ে চায়না ইস্টার্ন এয়ারলাইনসের ফ্লাইট এমইউ৫৭৩৫ বিধ্বস্ত হয়।

ব্ল্যাক বক্স দুটি খুঁজে পাওয়া গেলে কেন বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি মাঝ আকাশ থেকে খাড়া নিচে পড়ে বিধ্বস্ত হল, তার কারণ হয়তো উদঘাটন করা যেতো।

চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উড়োজাহাজটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে গর্ত তৈরি হয়েছে, বৃষ্টির পানি ওই গর্তটি ভরে দিচ্ছে। মাটি নরম হওয়ায় সেখানে ভূমিধসেরও সম্ভাবনা আছে আর তাতে দুর্গম পার্বত্য এলাকার ওই ঘন বনে অনুসন্ধানরত উদ্ধারকর্মীরা বিপদে পড়তে পারে।

বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টি সপ্তাহের বাকি দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

ফ্লাইট এমইউ৫৭৩৫ চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের রাজধানী শহর কুনমিং থেকে গুয়াংডং প্রদেশের রাজধানী গুয়াংজোতে যাচ্ছিল। অবতরণের আগে যখন নিচের দিকে নামার কথা তখনই হঠাৎ করে এটি ফ্লাইটের মূল উচ্চতা থেকে সোজা নিচে পড়ে বিধ্বস্ত হয়।

Image
উড়োজাহাজটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে গর্ত তৈরি হয়েছে। ছবি: রয়টার্স

উড়োজাহাজটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে গর্ত তৈরি হয়েছে। ছবি: রয়টার্স

কীভাবে এ ঘটনাটি ঘটল তা এখনও নির্ণয় করা যায়নি। চীনের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটি ‍টুকরা টুকরা হয়ে যাওয়ায় তদন্ত খুব কঠিন হতে পারে।

চীন গত দুই দশকে তাদের বিমান নিরাপত্তা মানের অনেক উন্নতি ঘটিয়েছে আর সোমবারের ঘটনাটি ১২ বছরের মধ্যে প্রথম বড় দুর্ঘটনা।

এই ঘটনার পর দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এই খাতে দুই সপ্তাহব্যাপী একটি পরিদর্শন কর্মসূচী শুরু করতে যাচ্ছে। এই কর্মসূচীতে ‘সর্বোচ্চ’ নিরাপত্তা নিশ্চিত করতে সব আঞ্চলিক এয়ার ট্র্যাফিক কন্ট্রোল ব্যুরো, এয়ারলাইন কোম্পানি ও ফ্লাইট প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলো পরীক্ষা করা হবে।

এ দুর্ঘটনার পর চায়না ইস্টার্ন ও অধিভুক্ত দুই এয়ারলাইন্স তাদের ২০০টিরও বেশি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের উড়ান বন্ধ করে রেখেছে। এর আগে ২০১০ সালে চীনে সর্বশেষ যাত্রীবাহী বাণিজ্যিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছিল। তখন হেনান এয়ারলাইন্সের আঞ্চলিক ফ্লাইট এমব্রেয়ার ই-১৯০ বিধ্বস্ত হয়েছিল।

এ দুর্ঘটনা নিয়ে মঙ্গলবার রাতে গুয়াংশিতে সরকারের পক্ষ থেকে প্রথম সংবাদ সম্মেলনটি করা হয়েছে। এতে বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, উড্ডয়নের আগে বিধ্বস্ত বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটির সবকিছু ঠিক ছিল এবং এর ক্রু সদস্যদের শারীরিক অবস্থাও ভাল ছিল।