দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতিতেও ইউক্রেইন যুদ্ধের ধাক্কা
নিজের একটি ব্যবসা দাঁড় করাতে দুই বছর আগে সিঙ্গাপুর যান জিয়া রুইং। তিনি সেখানে দেশটির একমাত্র ‘রাশান সুপারমার্কেট’ এর মালিক। জিয়া ব্যবসা শুরু করেছেন কী করেননি, ঠিক ওই সময়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে কোভিড মহামারী।
প্রায় দুই বছর ধরে চলা মহামারীর ধাক্কা যখন কিছুটা সামলে উঠবেন ভাবছেন ঠিক তখনই একেবারে ভিন্ন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে এই নারীকে।
পূর্ব ইউরোপের দেশগুলোতে বেশ জনপ্রিয় ‘রাশান সুপারমার্কেট’ যেখানে ওই অঞ্চলের খাবার ও পানীয় পাওয়া যায়। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন শুরুর চার দিন আগে থেকে জিয়া তার সুপারমার্কেটের জন্য পণ্য আনতে পারছেন না।
তিনি বলেন, ‘‘ইউক্রেইনের সরবরাহকারীদের কাছ থেকে আমাদের পণ্য আসা সম্ভবত বন্ধ হয়ে গেল।”
‘‘যখন যুদ্ধ শুরু হয় তখন অনেক ইউক্রেইনীয়, রুশ এবং বেলারুশ নাগরিক আতঙ্কিত হয়ে আমার স্টোরে ভিড় করেন। তাদের ভয় ছিল, এখানে নিজের পরিবারের জন্য তারা যে ধরণের খাবার চান সেটা হয়ত আর পাবেন না। তাই তারা প্রচুর পরিমাণে ওই ধরনের খাবার কিনে নিজেদের বাড়িতে মজুদ করেন।”
যুদ্ধ যেদিকে মোড় নিয়েছে তাতে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বা আদৌ আর আগের মত হবে কিনা তা নিয়ে দ্বিধায় পড়ে গেছেন জিয়া। তাই তিনি পূর্ব ইউরোপের অন্যান্য দেশে থেকে পণ্য আনার পরিকল্পনা করেছেন। যাতে রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের কারণে পণ্য পৌঁছাতে দেরি না হয়।
তবে শুধু পণ্যের চালান আটকে যাওয়াই নয়, জিয়া এবং তারা ক্রেতারা এর চেয়েও বড় সমস্যায় ভুগছেন। ইউক্রেইনে হামলার জেরে পশ্চিমা দেশগুলো রাশিয়ার কয়েকটি ব্যাংককে সুইফট ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম থেকে বাদ দিয়েছে। ফলে জিয়া এবং তার ক্রেতাদের জন্য বিল পরিশোধ করা এখন বেশ কঠিন হয়ে পড়েছে।
জিয়া বলেন, ‘‘নিষেধাজ্ঞার কারণে কোনও কোনও ক্রেতা তাদের ব্যাংক একাউন্ট থেকে অর্থ তুলতে পারছেন না। আর রাশিয়ায় সুইফট ট্রানজেকশনের উপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে আমরাও অর্থ লেনদেনে বেশ জটিলতার মুখে পড়েছি।”
ব্যবসা পুনরুদ্ধার
জিয়ার মত দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক ব্যবসায়ী আশা করেছিলেন কোভিড মহামারী কেটে গেলে তারা তাদের হারানো ব্যবসা পুনরুদ্ধার করার একটা সুযোগ পারবেন।
কিন্তু ইউক্রেইন যুদ্ধের ধাক্কায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো এবং এর নাগরিকরা এখন আবার এক নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।
মহামারীর আগে অঞ্চলটিতে বিনিয়োগ বাড়ছিল, ব্যবসার বিস্তার ঘটছিল। উৎপাদন খরচ কমাতে নাইকি, অ্যাডিডাস, পুমার মত বেশ কিছু বিশ্বখ্যাত ব্রান্ড চীন থেকে তাদের কারখানা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে স্থানান্তর করছিল।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনা দিন দিন বাড়াও এর পেছনে বড় ভূমিকা রেখেছে। ফলে ২০১৯ সালে দক্ষিণ পূর্ব এশিয়ায় সরাসরি বিদেশি বিনিয়োগ রেকর্ড ১৮২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে গিয়েছিল বলে জানায় আসিয়ান।
অনেক কোম্পানি উৎপাদন খরচ কমাতে তাদের কারখানা অপেক্ষাকৃত কম দামের জায়গায় স্থানান্তর করছিল। তাদের পছন্দের জায়গা হয়ে উঠেছিল ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামের মত দেশ।
দক্ষিণ পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশ মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দেশ থেকে অপরিশোধিত তেল আমদানি করে। ফলে রাশিয়ার তেলের উপর সরাসরি নির্ভর করা ইউরোপের দেশগুলোর তুলনায় তাদের অবস্থা অপেক্ষাকৃত ভাল।
কিন্তু রাশিয়ার তেল বন্ধ হয়ে যাওয়ায় বাজারে যোগানে যে ঘাটতি দেখা দিয়েছে তাতে বিশ্ববাজারে তেলের দাম গত ১৪ বছরের মধ্য সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বৈশ্বিক জ্বালানি বিশেষজ্ঞ ভানডানা হ্যারি বিবিসি-কে বলেন, ‘‘রাশিয়া আপনার উপর রাপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছে কী করেনি সেটা কোনও বিষয় না।”
“দিন শেষে, আপনি আন্তর্জাতিক বাজার থেকে যে অপরিশোধিত তেল কিনছেন সেটা আপনাকে রেকর্ড বাড়তি দামে কিনতে হচ্ছে। ফলে সব দেশেই তার প্রভাব পড়েছে,” বলেন তিনি।
