তালেবানের বিরুদ্ধে আফগানিস্তানে নিহত ভারতীয় সাংবাদিকের পরিবারের মামলা
তালেবানের বিরুদ্ধে মামলা করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) দারস্থ হয়েছে আফগানিস্তানে নিহত ভারতীয় চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকির পরিবার।
মঙ্গলবার দানিশের পরিবারের এক আইনজীবী একথা জানিয়েছেন। গতবছর খবর সংগ্রহ করতে গিয়ে আফগানিস্তানে তালেবান হামলায় নিহত হন পুলিৎজার জয়ী ফটোসাংবাদিক দানিশ।
রোহিঙ্গাদের নিয়ে খবর করার জন্য ২০১৮ সালে পুলিৎজার পুরস্কার জিতেছিলেন দানিশ। রয়টার্সের ফটোসাংবাদিক ছিলেন তিনি। গতবছর ১৬ জুলাই আফগানিস্তানে কান্দাহারের স্পিন বোলডাক এলাকায় খবর সংগ্রহ করতে গিয়ে তিনি নিহত হন।
নয়া দিল্লিতে আইনজীবী অভি সিং এক অনলাইন সংবাদ সম্মেলনে বলেছেন, “দানিশের পরিবার তার মৃত্যুর ঘটনা তদন্ত করা এবং যুদ্ধাপরাধের জন্য তালেবানের শীর্ষ নেতাদেরকে বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।”
তিনি জানান, দানিশের বাবা-মা তালেবান কমান্ডাররাসহ ৬ তালেবান নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন। আফগানিস্তানের ভারপ্রাপ্ত তালেবান প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখন্দ এবং ভারপ্রাপ্ত উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদরের বিরুদ্ধে এরই মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ পাঠানো হয়েছে এবং দাখিল করা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, “তালেবান নিশানা করে দানিশকে হত্যা করেছে। কারণ, তিনি একজন সাংবাদিক এবং ভারতীয় ছিলেন। এটি একটি আন্তর্জাতিক অপরাধ। আফগানিস্তানে আইনের শাসন না থাকায় সেখানে আইসিসি-র তদন্ত চালানো এবং দানিশ হত্যায় দায়ীদের বিচার করার এখতিয়ার আছে।”
মঙ্গলবারের সংবাদ সম্মেলনের আগে প্রকাশিত এক বিবৃতিতে দানিশের পরিবার বলেছে, “২০২১ সালের ১৬ জুলাইয়ে আহত দানিশ সিদ্দিকিকে চিকিৎসার জন্য একটি মসজিদে নেওয়া হয়েছিল। সেই মসজিদে তালেবান হামলা চালায়। তারা দানিশকে আটক করে কাস্টডিতে নিয়ে নির্যাতন চালায় এবং হত্যা করার পর তার দেহ ক্ষতবিক্ষত করে। তার দেহে নির্যাতনের চিহ্ন এবং ১২ টি বুলেটের আঘাতও পাওয়া গেছে।”
“এই ধরনের কার্যকলাপ কেবল খুনই নয়, বরং মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ,” বলা হয় বিবৃতিতে। তবে তালেবান দানিশকে আটক করা কিংবা হত্যা করার অভিযোগ অস্বীকার করেছে।
আফগানিস্তানের বিশেষ আভিযানিক বাহিনীর এক সাবেক কমান্ডার, যার জিম্মায় সিদ্দিকিকে রাখা হয়েছিল, তিনি বলেছেন,তালেবানের সঙ্গে তুমুল লড়াইয়ের মধ্যে স্পিন বোলডাক থেকে সেনারা চলে যাওয়ার সময় দুই কমান্ডার ভুল করে এই ফটোসাংবাদিককে সেখানে ফেলে এসেছিলেন।
তবে আফগান নিরাপত্তা কর্মকর্তারা ভারতীয় সরকারি কর্মকর্তারা বলছেন, বিভিন্ন ছবি, গোয়েন্দা তথ্য এবং দানিশ সিদ্দিকির দেহ পরীক্ষা করে দেখা গেছে, তালেবান হেফাজতে থাকাকালে তার মৃত্যুর পর দেহ কাটাছেঁড়া করা হয়েছে।
