২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবেশীরা আমাদের মৃত দেখতে চায়: ইসরায়েলি পার্লামেন্টকে বললেন জেলেনস্কি

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় ইসরায়েলের পার্লামেন্টের ভাষণে বলেছেন, “আমরা বাঁচতে চাই, আর আমাদের প্রতিবেশীরা আমাদেরকে মরাই দেখতে চায়।”

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2022, 12:48 AM

Updated : 28 Apr 2022, 11:54 PM

সাবেক এক ইসরায়েলি প্রধানমন্ত্রী গোল্ডা মেইরের কথার প্রতিধ্বনি করে জেলেনস্কি একথা বলেন।

বিশ্বব্যাপী সমর্থন আদায়ের চেষ্টায় বিভিন্ন দেশে জেলেনস্কির ভাষণের ধারাবাহিকতায় ইসরায়েলের পার্লামেন্ট নেসেটেও রোববার তিনি এ ভাষণ দেন।

ইউক্রেইনকে অস্ত্র দেওয়ার জন্য ইসরায়েলকে আহ্বান জানান তিনি। সেইসঙ্গে ইসরায়েল রাশিয়ায় কেন নিষেধাজ্ঞা আরোপ করছে না তা নিয়েও তিনি প্রশ্ন করেন।

জেলেনস্কি বলেন, বিশ্বে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবচেয়ে ভাল, “আপনারা নিশ্চিতভাবেই আমাদের জনগণকে সাহায্য করতে পারেন, ইউক্রেইনীয়দের জীবন বাঁচাতে পারেন।”

বিবিসি জানায়, ইসরায়েলের সঙ্গে ইউক্রেইন এবং রাশিয়া- দুই দেশেরই বন্ধন থাকায় যুদ্ধে ইসরায়েল কিছুটা নিরপেক্ষ অবস্থান বজায় রাখার চেষ্টা নিয়েছে।

ওদিকে, ব্যক্তিগতভাবে ইহুদি ধর্মে বিশ্বাসী ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার কথাবার্তা এবং কাজকর্ম দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসি জার্মানিদের সঙ্গে তুলনা করেন।

এর পরই প্রশ্ন রেখে তিনি বলেন, ইসরায়েল কেন অন্যান্য পশ্চিমা দেশগুলোর মতো ইউক্রেইনে গোলাবারুদ পাঠাচ্ছে না এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে না?