২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের জন্য আগামী সপ্তাহ থেকে স্কুল খুলে দিচ্ছে তালেবান

আফগানিস্তানজুড়ে আগামী সপ্তাহে হাই স্কুলগুলো খুলছে, তখন থেকেই তালেবান মেয়েদের শ্রেণিকক্ষে ফেরার অনুমতি দিতে যাচ্ছে বলে জানিয়েছেন এক শিক্ষা কর্মকর্তা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2022, 05:33 PM

Updated : 28 Apr 2022, 11:52 PM

দেশটির ক্ষমতায় থাকা কট্টরপন্থি গোষ্ঠীটি মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার অনুমতি দেবে কিনা তা নিয়ে কয়েক মাসের অনিশ্চয়তার পর বৃহস্পতিবার এ কথা জানা গেলে।

“সব ছেলেমেয়ের জন্য সবগুলো স্কুল খুলে দেওয়া হচ্ছে,” বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আজিজ আহমেদ রায়ান। 

“তবে মেয়েদের ক্ষেত্রে কিছু শর্ত আছে,” বলেছেন তিনি।

এসব শর্তের মধ্যে আছে- মেয়েদেরকে ছেলেদের থেকে পৃথক করে পড়ানো হবে; কেবল নারী শিক্ষকরাই তাদের পড়াবেন।

তবে গ্রামাঞ্চলে যেসব জায়গায় নারী শিক্ষকের ঘাটতি আছে, সেখানে বয়স্ক পুরুষ শিক্ষকদেরকে মেয়েদের পড়ানোর অনুমতি দেওয়া হবে, বলেছেন তিনি।

“এ বছর কোনো স্কুল বন্ধ থাকবে না। যদি কোনো স্কুল বন্ধ থাকে, তাহলে সেটি খোলার দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের,” বলেছেন রায়ান।

গত অগাস্টে পশ্চিমা দেশগুলো সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর কট্টরপন্থি গোষ্ঠীটির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের যেসব দাবি ছিল তার মধ্যে স্কুল-কলেজে মেয়েদের অনুমতি দেওয়ার বিষয়টি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ।

নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি এবং ক্ষমতাচ্যুত সরকারের অনুগত কর্মচারী ও সৈন্যদের মানবাধিকার লংঘনের অভিযোগ নিয়ে উদ্বেগ থেকে এখন পর্যন্ত বিশ্বের সিংহভাগ দেশই তালেবানদের আনুষ্ঠানিকভাবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

যেসব অভিযোগ উঠেছে সেগুলো খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কট্টরপন্থি গোষ্ঠীটি; আগের শত্রুদের উপর প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই বলেও ভাষ্য তাদের।

শেষবার তালেবান যখন ক্ষমতায় ছিল, ১৯৯৬ সাল থেকে ২০০১ পর্যন্ত, কট্টরপন্থি গোষ্ঠীটি শিক্ষা প্রতিষ্ঠান ও চাকরিতে নারীদের নিষিদ্ধ করেছিল।

তালেবান ইসলামী আইন নিয়ে তাদের ব্যাখ্যা অনুযায়ী দেশ চালাতে চায়, একইসঙ্গে তারা দাতাদের শত শত কোটি ডলারের উন্নয়ন সহায়তা প্রকল্পও অব্যাহত রাখতে চায়; আফগানিস্তানজুড়ে বিস্তৃত দারিদ্র্য ও অনাহার মোকাবেলায় ওই অর্থ তাদের জন্য খুবই জরুরি।

এই ক্ষেত্রে কট্টরপন্থি গোষ্ঠীটির বেশ কয়েকজন শীর্ষ নেতার ওপর থাকা নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

তালেবান বলছে, তারা ইসলামী আইন ও স্থানীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্য নারী অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। যদিও দেশটির অনেক এলাকার নারীরাই কট্টরপন্থি গোষ্ঠীটি ক্ষমতায় আসার পর তাদের দৈনন্দিন কর্মকাণ্ডে বাধা এবং চাকরি ছাড়তে বাধ্য করার অভিযোগ করে আসছেন।