কিইভের উত্তরাংশে ক্ষেপণাস্ত্রের অংশ পড়ে নিহত ১, আহত ৪
ইউক্রেইনের রাজধানী কিইভের উত্তরাংশে একটি আবাসিক ভবনে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের থণ্ডাংশ পড়ে একজন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে বলে দেশটির জরুরি বিভাগ জানিয়েছে; খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এক বিবৃতিতে জরুরি বিভাগ বলেছে, পোদলিস্কি এলাকার পাঁচ তলা ওই ভবনটি থেকে ১২ জনকে উদ্ধার ও ৯৮ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে নগরীর উত্তর অংশ থেকে একটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল বলে রয়টার্স জানিয়েছে।
জরুরি বিভাগের শেয়ার করা ছবিতে দমকল কর্মীদের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত একটি ভবনের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে দেখা গেছে। ভবনটির সামনে পুড়ে যাওয়া বেশ কয়েকটি গাড়ি ও বড় গর্তও দেখা গেছে। উদ্ধার কাজ অব্যাহত আছে।
ইউক্রেইনীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাতে কিইভ অঞ্চলে থেকে বাসে ও গাড়িতে করে এক হাজারেরও বেশি বেসামরিক ইউক্রেইনীয়কে সরিয়ে নেওয়া হয়েছে।
