২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মারিউপোলে থিয়েটারে আশ্রয় নেওয়া মানুষের ওপর ‘বোমা ফেলেছে রাশিয়া’

ইউক্রেইনে রুশ বাহিনীর অবরোধের মধ্যে থাকা মারিউপোল শহরের একটি থিয়েটারে আশ্রয় নেওয়া মানুষের ওপর রাশিয়া বোমা ফেলেছে বলে অভিযোগ করেছে নগর কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2022, 02:30 PM

Updated : 02 Aug 2022, 03:08 PM

বৃহস্পতিবার মারিউপোলের উপ মেয়র সার্গেই ওরলভ বিবিসিকে বলেন, থিয়েটার ভবনে এক হাজার থেকে বারো শ মানুষ আশ্রয় নিয়েছিল। হতাহতের নির্দিষ্ট সংখ্যা এখনও জানা যায়নি।

নিরপেক্ষ মাধ্যমে এ তথ্যের সত্যতা যাচাই করা যায়নি বলে বিবিসি জানিয়েছে।

এর আগে রাশিয়ার বিমান হামলা ও গোলায় একটি মাতৃসদন, একটি গির্জা ও অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংস হয়েছিল।

স্থানীয় কর্তৃপক্ষের হিসাবে, যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত মারিউপোলে অন্তত দুই হাজার ৪০০ জন নিহত হয়েছেন। মৃতদের অনেককেই গণকবরে সমাহিত করা হয়েছে।

শহরে প্রায় ৩ লাখ বাসিন্দা অবরুদ্ধ হয়ে আছেন এবং তাদের পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বিচ্ছিন্ন করা হয়েছে। রুশ বাহিনী শহরে কোন ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না এবং শহরের বাসিন্দাদের খাদ্য ও পানির মজুদ ফুরিয়ে আসছে।

এক বিবৃতিতে মারিউপোলের পৌর কর্তৃপক্ষ দাবি করেছে, রুশ বাহিনী ‘উদ্দেশ্যমূলকভাবে এবং নিষ্ঠুরতার সঙ্গে’ থিয়েটারটি ধ্বংস করেছে। তারা জানিয়েছে, একটি বিমান ভবনটির ওপর বোমা ফেলে যেখানে শত শত মারিউপোলবাসী আশ্রয় নিয়েছিল।

বিবৃতিতে বলা হয়, হামলায় ক্ষতির মাত্রা এখনও পুরোপুরি স্পষ্ট হয়নি, কারণ শহরের ওপর গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। নগর কর্তৃপক্ষের সরবরাহ করা ও বিবিসির যাচাই করা একটি ছবিতে দেখা গেছে, থিয়েটার ভবনের সামনের অংশ ধসে পড়েছে।

ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেন, “মারিউপোলে এটা আরেকটি জঘন্য যুদ্ধাপরাধের ঘটনা এবং রুশদের অবশ্যই এটা অজানা থাকার কথা নয় যে এটা বেসামরিক নাগরিকদের আশ্রয়কেন্দ্র।”

বিবিসি লিখেছে, ওই ভবনে অনেক শিশু ও বৃদ্ধও আশ্রয় নিয়েছিলেন এবং তাদের অবস্থা দ্রুত খারাপের দিকে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার ১৪ মার্চ তোলা কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে, ভবনের সামনের ফুটপাতে রুশ ভাষায় ‘শিশু’ শব্দটি লেখা রয়েছে।

বার্তা সংস্থা রিয়া জানিয়েছে, এই ধ্বংসযজ্ঞের খবর ছড়িয়ে পরার কয়েক ঘণ্টা পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ধরনের কোনো বিমান হামলা পরিচালনার কথা অস্বীকার করে।

মারিউপোলের উপমেয়র ওরলোভ বলেন, বুধবারও শহর ছেড়ে প্রায় দেড় হাজার গাড়ি বের হয়ে গেছে। ওই বহরের ওপর রুশ বাহিনীর হামলায় এক শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছে।

যুদ্ধের কারণে আটকে পড়া সাধারণ নাগরিকদের বের হয়ে আসার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইন্টারন্যাশনাল কমিটি ফর রেড ক্রসের সভাপতি পিটার মাউরার।

অন্যদিকে ইউক্রেইনের উত্তরের শহর চেরনিহিভে একটি বেকারির সামনে রুটির জন্য লাইনে দাড়ানো মানুষের ওপর গোলা বর্ষণে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সেদেশের প্রসিকিউটর জেনারেল।