২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে মুক্তি, যুক্তরাজ্যে ফিরছেন ব্রিটিশ-ইরানি নাজানীন জাঘারি

অবশেষে বন্দিদশা থেকে মুক্তি মিলেছে নাজানীন জাঘারি র‌্যাটফ্লিকের। ফিরছেন যুক্তরাজ্যে, পরিবারের কাছে। ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ এই নারী প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। নাজানীনের বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2022, 09:11 PM

Updated : 25 Oct 2022, 10:18 AM

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক বিবিসি-কে নাজানীনের যুক্তরাজ্যে ফেরার পথে থাকার খবর নিশ্চিত করে বুধবার বলেন, তারা তেহরান বিমানবন্দরে রয়েছেন।

নাজানীনের সঙ্গে আরেক ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নারী আনুশেহ আশুরিও ফিরছেন। একদিন আগেই এমপি টিউলিপ দাতব্যকর্মী নাজানীনের ব্রিটিশ পাসপোর্ট ফেরত পাওয়ার খবর জানিয়েছিলেন।

থমসন রয়টার্স ফাউন্ডেশনের একটি প্রকল্পের ম্যানেজার নাজানীনকে ২০১৬ সালের এপ্রিলে তেহরান বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে ইরান সরকারকে উৎখাতের চক্রান্ত করার অভিযোগ আনা হয়, যা তিনি অস্বীকার করেন।

কিন্তু ইরানের একটি আদালত তাকে দোষীসাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। নাজানীন গ্রেপ্তারের এক বছর পর আশুরিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়।

তিনিও তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেন। ২০১৯ সালে ইরানের একটি আদালত আশুরিকে দোষীসাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ডের সাজা শোনায়। ইরানের বিচারবিভাগের একজন মুখপাত্র বিবিসি-কে নিশ্চিত করে বলেন, উভয় বন্দিকেই ছেড়ে দেওয়া হয়েছে।

এ সপ্তাহে নাজানীন তার ব্রিটিশ পাসপোর্ট ফেরত পান। তার স্বামী রিচার্ড র‌্যাটফ্লিক ছয় বছরের মেয়ে গ্যাব্রিয়েলাকে নিয়ে লন্ডনে বাস করেন। স্ত্রীর মুক্তির বিষয়ে এখনও তিনি কোনও মন্তব্য করেননি।

তবে গত কয়েক বছরে তিনি স্ত্রীর মুক্তির দাবিতে জোর প্রচার চালিয়েছেন। এমনকী গত বছর অক্টোবরে তিনি অনশন পর্যন্ত করেন।

লেবার এমপি টিউলিপ সিদ্দিক বিবিসি-কে বলেন, তিনি নাজানীনের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘‘নাজানীন পাসপোর্ট হাতে তেহরান বিমানবন্দরে অবস্থান করছেন। ইরানের রেভল্যুশনারি গার্ড তার উপর নজর রাখছে।”

“তার স্বাধীন চলাফেরার অধিকার নিয়ে একটি চুক্তির কাজ চলছে। তার যুক্তরাজ্যের মাটিতে ফেরা, তার ওয়েস্ট হ্যামস্টেডে নিজ বাড়িতে না ফেরা পর্যন্ত আমি দম নেব না।”