যুদ্ধের মধ্যে পটাশিয়াম আয়োডাইড পিলের চাহিদা কেন বাড়ল?
ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর খাদ্য ও জ্বালানি বাজারে উদ্বেগ বাড়ার পাশাপাশি বেড়েছে আরেকটি শঙ্কা; আর তার প্রভাবে পটাশিয়াম আয়োডাইড পিলের চাহিদা বেড়ে গেছে।
কী হবে যদি যুদ্ধের মধ্যে ইউক্রেইনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে কোনো দুর্ঘটনা ঘটে? কিংবা কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যদি উদ্দেশ্যমূলক হামলা হয়? অথবা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি সত্যি সত্যি পারমাণবিক বোমা ফাটিয়ে দেন?
যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কনট্রোল ও প্রিভেনশন (সিডিসি) বলছে, এ ধরনের পরিস্থিতিতে বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় আয়োডিন (বা রেডিওআয়োডিন) ছড়িয়ে পড়তে পারে যা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করতে পারে; পাশাপাশি পানি, মাটি দূষিত হতে পারে, যার শিকার হবে প্রাণী ও গাছপালা।
তেজস্ক্রিয় আয়োডাইড মানুষের থাইরয়েডের ক্ষতি করতে পারে, যা থেকে গুরুত্বপূর্ণ হরমোন তৈরি হয়, যা শরীরকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
বিপদটি হল, তেজস্ক্রিয়তা যদি ছড়িয়ে পড়ে, থাইরয়েড নিয়মিত আয়োডিন আর তেজস্ক্রিয় আয়োডিনের মধ্যে পার্থক্য করতে পারবে না এবং দুটোই শুষে নেবে। অতিরিক্ত ওই তেজস্ক্রিয়তা হতে পারে ক্যান্সারের কারণ।
আর এক্ষেত্রে সুফল দিতে পারে পটাশিয়াম আয়োডাইড। এ যৌগ ক্ষতিকর নয়, বরং মানবদেহের জন্য একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক। তরল বা পিল হিসেবে গ্রহণ করলে থাইরয়েড পটাশিয়াম আয়োডাইডকে শুষে নেবে এবং তা তেজস্ক্রিয় আয়োডাইড শুষে নেওয়া ঠেকাবে।
দাম বাড়ছেই
যুক্তরাষ্ট্রে পটাশিয়াম আয়োডাইড উৎপাদন ও বিক্রির অনুমোদন পাওয়া বড় কোম্পানিগুলোর বরাত দিয়ে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, হঠাৎ করে বিক্রি বেড়ে যাওয়ায় গত কয়েক সপ্তাহে এই পিলের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে, যার সঙ্গে ইউক্রেইন যুদ্ধের যোগ রয়েছে।
এদিকে বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় এবং সরবরাহ সঙ্কট দেখা দেখওয়ায় দামও বেড়ে চলছে পটাশিয়াম আয়োডাইডের।
ইবে-তে চার বাক্স থাইরোসেফ পটাশিয়াম আইয়োডাইড ট্যাবলেটের দাম সোমবার উঠেছে ১৩২ দশমিক ৫০ ডলারে। আইওস্যাট ১৩০ মিলিগ্রামের প্রতিটি পিল ৮৯ দশমিক ৯৫ ডলার দরে বিক্রি হচ্ছে। অথচ অ্যানবেক্স এর ১৪-প্যাক বাক্সের আইওস্যাট ট্যাবলেটের দাম ওই কোম্পানির ওয়েবসাইটে দেখানো হচ্ছে ১৩ দশমিক ৯৯ ডলার।
সিএনএন লিখেছে, পটাশিয়াম আয়োডাইড পিল যে চূড়ান্ত সমাধান দেবে না, সেটাও জানা জরুরি। তেজস্ক্রিয় আয়োডাইডের বিরুদ্ধে এ পিল শতভাগ সুরক্ষা দিতে পারে না। সিডিসি সতর্ক করে বলেছে, এই ওষুধের একটি ডোজ থাইরয়েড গ্রন্থিকে যে সুরক্ষা দেয়, তার মেয়াদ হতে পারে বড় জোর ২৪ ঘণ্টা।
কেউ যদি আরও বেশি ডোজ নিতে শুরু করেন, কিংবা চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি ডোজ নেন, তাতে বাড়তি সুরক্ষা তো মিলবেই না, বরং গুরুতর অসুস্থতা বা মৃত্যুও হতে পারে।
সিডিসি বলেছে, পটাশিয়াম আইয়োডাইড পিল শুধু থাইরয়েড গ্রন্থিকে সুরক্ষা দিতে সহায়ক হতে পারে, শরীরের অন্যান্য অংশকে তেজস্ক্রিয় দূষণ থেকে বাঁচাতে পারে না।
মজুদ শেষ
নিউ ইয়র্ক ভিত্তিক অ্যানবেক্স ইনকরপোরেট আইওস্যাট পটাশিয়াম আয়োডাইড ৬৫ মিলিগ্রাম ও ১৩০ মিলিগ্রাম ট্যাবলেটের শীর্ষস্থানীয় উৎপাদক।
কোম্পানির ওয়েবসাইটে এক বার্তায় বলা হয়েছে, “আমাদের আইওস্যাট পটাশিয়াম আয়োডাইড ৬৫ মিলিগ্রাম ও ১৩০ মিলিগ্রাম ট্যাবলেটের মজুদ শেষ হয়ে গেছে।”
অ্যানবেক্স-এর বিপণন ও বিক্রয় বিভাগের ভাইস প্রেসিডেন্ট ট্রয় জোনস বলেন, “আমরা আশা করছি এপ্রিলের শুরুতে নতুন মজুদ তৈরি হবে, তবে মার্চের শেষ থেকেই মজুদ বাড়ানোর চেষ্টা করছি আমরা।
জোনস জানান, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তাদের এই পিলের অর্ডার হঠাৎ করে অনেক বেড়ে যায়। এমনকি এক দিনে দেড় লাখ ট্যাবলেটের অর্ডারও তারা পেয়েছেন।
বিশ্বজুড়ে অ্যানবেক্সের ক্রেতাদের মধ্যে ব্যক্তি, খুচরা বিক্রেতা, হাসপাতাল, পৌরসভা এবং বিভিন্ন দেশের সরকারও রয়েছে।
জোনস যে সময়ের কথা বলছেন, তার সঙ্গে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক অস্ত্র তৈরি রাখার নির্দেশ এবং চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলের খবর প্রকাশের সময় মিলে যায়। হামলার সময় ওই বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত এবং তা মেরামতের খবর প্রচার হয়।
জোনস জানান, ঐতিহাসিতভাবে পটাশিয়াম আয়োডাইডের চহিদা তখনই অনেক বেড়েছে, যখন পারমাণবিক হামলার ঝুঁকি তৈরি হয়েছে।
লন্ডন-ভিত্তিক বিটিজি স্পেশালটি ফার্মাসিউটিক্যালস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে তারাও তাদের উৎপাদিত পটাশিয়াম আয়োডাইড পিলের ব্যাপক চাহিদা দেখতে পাচ্ছে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের মজুদ পুরোপুরি শেষ হয়নি, তবে তারা সাময়িকভাবে অর্ডার নেওয়া বন্ধ রেখেছে।
