২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় খাদ্য সংকট হবে না, বললেন উপপ্রধানমন্ত্রী

ইউক্রেইনে হামলার প্রতিক্রিয়ায় পশ্চিমা দেশগুলোর দেওয়া ব্যাপক নিষেধাজ্ঞা পরও রাশিয়ার অভ্যন্তরীণ বাজারে খাদ্য সংকটের ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ভিক্টোরিয়া আব্রামশেঙ্কো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2022, 04:42 PM

Updated : 25 Jul 2022, 04:40 PM

ক্রেতাদের আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা না করার জন্য তিনি সতর্কও করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মস্কো গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে ‘সর্বাত্মক আক্রমণ’ শুরু করলে যুক্তরাষ্ট্র ও এর ইউরোপীয় মিত্ররা রাশিয়াকে বিশ্ব অর্থনীতির সিংহভাগ থেকে বিচ্ছিন্ন করে দেয়; এই কারণে দেশটির অর্থনীতিকে ১৯৯১ সালের সোভিয়েত পতনের পর থেকে সবচেয়ে সংকটকাল অতিক্রম করতে হচ্ছে।

“(খাদ্য) ঘাটতির ঝুঁকি বা পণ্যের পরিমাণ কমে যাওয়ার কোনো পরিস্থিতি নেই। তাই ভবিষ্যতের জন্য কিনে কৃত্রিম চাহিদা তৈরির কোনো অর্থ নেই। আমরা বাজার পুনর্বিন্যাস করবো এবং বন্ধু দেশগুলোর সঙ্গে পারস্পরিক লাভজনক বাণিজ্য ও আমাদের অংশীদারী নেটওয়ার্ক আরও বিস্তৃত করবো,” সোমবার বিবৃতিতে বলেছেন আব্রামশেঙ্কো।

পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে নিজেদের খাদ্যের বাজার সুরক্ষিত রাখতে রাশিয়া এরই মধ্যে ব্যবস্থাও নিয়েছে।

সোমবার দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন ৩১ অগাস্ট পর্যন্ত সাদা ও কাঁচা চিনি এবং প্রতিবেশী ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের রাষ্ট্রগুলোতে ৩০ জুন পর্যন্ত গম, রাই, বার্লি ও ভুট্টা রপ্তানি নিষিদ্ধের আদেশে স্বাক্ষর করেছেন।

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট নেটো রাশিয়ার সীমান্তে থাকা দেশগুলোকেও তাদের সদস্য করে নেওয়ায় এবং পশ্চিমা দেশগুলো কিইভে পশ্চিমাপন্থি এক নেতাকে সমর্থন করে যাওয়ায় রাশিয়ার নিরাপত্তার স্বার্থেই ইউক্রেইনে ‘বিশেষ সামরিক অভিযান’ জরুরি বলে মনে করেন পুতিন।

অন্যদিকে ইউক্রেইন বলছে, তারা নিজেদের অস্তিত্ব বাঁচাতে লড়ছে।

যুক্তরাষ্ট্র এবং এর ইউরোপ, এশিয়ার মিত্ররা ইউক্রেইনে রুশ হামলার নিন্দা করেছে। চীন সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে।