ইউক্রেইন বিষয়ে সাহায্য চায়নি রাশিয়া: চীন
ইউক্রেইনে অভিযানের বিষয়ে রাশিয়া বেইজিংয়ের কাছে সামরিক সাহায্য চেয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এমন দাবি প্রত্যাখ্যান করেছে চীন।
মঙ্গলবার চীন পাল্টা অভিযোগ করে বলেছে, ওয়াশিংটন ‘বিদ্বেষপূর্ণ গুজব’ ছড়িয়ে সংঘাত আরও বাড়িয়ে তোলার ঝুঁকি তৈরি করছে।
চীনের লন্ডন দূতাবাস এক বিবৃতিতে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, “যুক্তরাষ্ট্র ইউক্রেইন ইস্যুতে চীনের বিরুদ্ধে বারবার বিদ্বেষপূর্ণ গুজব ছড়াচ্ছে। অথচ চীন শান্তি আলোচনার পরিবেশ তৈরি করতে গঠনমূলক ভূমিকা পালন করে যাচ্ছে।
“আগুনে ঘি ঢালার বদলে পরিস্থিতি সহজ করাকেই এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে, পরিস্থিতিকে আরও ঘোলা না করে কূটনৈতিক নিষ্পত্তির জন্য কাজ করুন।”
২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে আক্রমণ শুরু করার পর রাশিয়া চীনের কাছে সামরিক উপকরণ চেয়েছে বলে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা দাবি করেছেন। এতে হোয়াইট হাউস উদ্বিগ্ন হয়ে ভাবতে শুরু করে, বেইজিং সম্ভবত ইউক্রেইনের বাহিনীগুলোকে তাদের দেশ রক্ষায় সাহায্য করার পশ্চিমা প্রচেষ্টার ভিত্তি দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে।
এই উদ্বেগ থেকে চীনকে হুঁশিয়ার করে যুক্তরাষ্ট্র জানায়, রাশিয়াকে সহায়তা করলে চীনকে কঠিন ‘পরিণতির’মুখোমুখি হতে হবে।
কিন্তু বেইজিংয়ের কাছে এ ধরনের কোনো সহায়তা তারা চায়নি বলে জানিয়েছে ক্রেমলিন।
সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, “ইউক্রেইনে বিশেষ সামরিক অভিযান চালানোর মতো পর্যাপ্ত ক্ষমতা রাশিয়ার আছে এবং অভিযান পরিকল্পনা অনুযায়ী সময়মতোই শেষ করা হবে।”
