ইরাকে ইসরায়েলের স্থাপনাকে নিশানা করে হামলার দায় স্বীকার করল ইরান
ইরাকের উত্তরাঞ্চলীয় ইরবিল নগরীতে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইরানের সশস্ত্র বাহিনীর বিশেষ শাখা রেভল্যুশনারি গার্ড।
যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র বিশেষ করে ইসরায়েল ও সৌদি আরবকে সর্তক করতেই ইরবিলের মার্কিন কনস্যুলেটের কাছে ইরান এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্বায়ত্তশাসিত ইরাকের কুর্দি অঞ্চলের রাজধানী ইরবিল নগরীতে রোববার ১২টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এ হামলার কথা স্বীকার করে ইরান বলেছে, ইরবিলে ‘ইসরায়েলের কৌশলগত স্থাপনাগুলো’ তাদের লক্ষ্য ছিল।
হামলায় যুক্তরাষ্ট্রের কোনও নাগরিক হতাহত হয়নি বা তাদের কোনও স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়নি। কুর্দি কর্মকর্তারা জানান, হামলায় একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। কেউ মারা যাননি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়, তাদের রেভল্যুশনারি গার্ড কোর এ হামলা চালিয়েছে। সম্প্রতি সিরিয়ার দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় রেভল্যুশনারি গার্ডের দুইজন জ্যেষ্ঠ সদস্য নিহত হয়েছেন।
ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই হয়ত এ হামলা চালিয়েছে ইরান। রেভল্যুশনারি গার্ড তাদের দুই সদস্যের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছিল।
রোববারের হামলার পর রেভল্যুশনারি গার্ডের পক্ষ থেকে বিবৃতিও দেয়া হয়েছে। বলা হয়েছে, ‘‘ইসরায়েল যদি পুনরায় আর কোনও হামলা চালায় তবে তাদেরকে কঠোর, মারাত্মক এবং ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে।”
কুর্দি অঞ্চলের স্থানীয় সরকারের পক্ষ থেকে বলা হয়, ইরান বিদেশিরা যেখানে থাকে সেখানে নয় বরং বেসামরিক নাগরিকরা যে এলাকায় থাকে সেখানে হামলা চালিয়েছে। তিনি এ ঘটনায় আন্তর্জাতিক তদন্তও দাবি করেছেন।
ইরাকের পররাষ্ট্রমন্ত্রণালয় বাগদাদে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, এই হামলার ফলে ইরানের সঙ্গে পরমাণু চুক্তির যে আলোচনা প্রায় গুছিয়ে এসেছে তা হুমকির মুখে পড়ছে।
ইরানের ওই হামলা মধ্যপ্রাচ্যে কূটনৈতিকভাবে সংকট সমাধানের উদ্যোগ বিপথগামী হওয়ার লক্ষণও বটে। ইরানে সঙ্গে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরবের বিরোধ বাড়ছে বলেও ধারণা করা হচ্ছে। কারণ, এ সপ্তাহে বাগদাদে পরমাণু চুক্তির বিষয়ে পঞ্চম দফা আলোচনা হওয়ার কথা ছিল। সৌদি আরবের কথা বলে রোববার ইরান তা বাতিল করে।
