‘রাশিয়ার কারণে ভেস্তে যেতে পারে ইরান পরমাণু চুক্তি’
রাশিয়া ইরানের সঙ্গে বাণিজ্য করার নিশ্চয়তা চাইছে। তাদের এ দাবির কারণে প্রায় গুছিয়ে আনা ইরান পরমাণু চুক্তি ভেস্তে যেতে পারে বলে সতর্ক করেছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য।
ই-৩ নামে পরিচিত ওই তিন দেশ শনিবার এই সতর্কবার্তা দিয়ে বলে, জেসিপিওএ চুক্তি পুনরুদ্ধারের আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
চুক্তি চূড়ান্ত হলে নিজেদের পরামাণু প্রকল্পের কাজ হ্রাস করার বিনিময়ে ইরানের উপর থেকে নানা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
পরমাণু অস্ত্র তৈরি আটকাতে পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে এই চুক্তিতে উপনীত হতে কাজ করছে।
২০১৫ সালে ছয় বিশ্বশক্তি এবং ইরান এ সংক্রান্ত একটি খসড়া চুক্তিতে উপনীত হয়েছিল। কিন্তু ২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ইরান পরমাণু চুক্তি থেকে সরিয়ে নেন।
তারপর ইরানও চুক্তির শর্ত লঙ্ঘন করে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধি বাড়াতে থাকে।
যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল হয়েছে এবং নতুন প্রেসিডেন্ট জো বাইডেন তেহরানের চুক্তির শর্ত কঠোরভাবে অনুসরণের সাপেক্ষে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তিতে ফিরিয়ে নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
চুক্তি পুনরুজ্জীবিত করতে পশ্চিমবিশ্ব দীর্ঘ ১১ মাস ধরে ইরানের সঙ্গে নতুন করে আলোচনা চালিয়ে আসছে।
কিন্তু গত শনিবার অনেকটা অপ্রত্যাশিতভাবেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্জেই ল্যাভরভ দাবি করে বসেন, ইউক্রেইনে আগ্রাসনের জেরে সম্প্রতি পশ্চিমাবিশ্ব রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা আরো করেছে তার প্রভাব ইরানের সঙ্গে রাশিয়ার বাণিজ্যে পড়তে পারবে না। রাশিয়া এ বিষয়ে পূর্ণ নিশ্চয়তা চায়।
ল্যাভরভের ওই দাবির জাবাবে শনিবার ফ্রান্স, যুক্তরাজ্য এবং জার্মানির পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘‘কারোই জেসিপিওএ আলোচনাকে জিম্মি করে জেসিপিওএ’র বাইরের কোনো বিষয়ে নিশ্চয়তা আদায় করে নেওয়ার ইচ্ছা প্রকাশ করা উচিত না।
‘‘এটা সম্ভাব্য জেসিপিওএ চুক্তি যেটির আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে সেটিকে ভেস্তে দিতে পারে।”
ওই চুক্তি নিয়ে অতি জরুরি ভিত্তিতে আলোচনা করে সেটি চূড়ান্ত করা উচিত বলেও বিবৃতিতে বলেন তারা।
ওয়াশিংটন এরইমধ্যে জানিয়ে দিয়েছে তারা রাশিয়ার ওই দাবি মানতে একেবারেই রাজি না।
ইউক্রেইনে আগ্রাসনের জেরে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব রাশিয়ার তেলের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। এতে তেলের বিশ্ববাজারে আগুন লেগে গেছে। তারা এখন গভীর মনযোগে ইরান পরমাণু চুক্তির অগ্রগতি দেখছে। যদি চুক্তি হয় এবং সে অনুযায়ী ইরানের তেলের উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যায় তবে রাশিয়ার তেল না পাওয়ার কারণে বাজারে যোগানে যে ঘটতি দেখা দিয়েছে সেটা অনেকাংশে লাঘব হবে বলে তাদের আশা।
