২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন যুদ্ধে ঊর্ধ্বতন রুশ সেনা কর্মকর্তা নিহত

ইউক্রেইনের সামরিক বাহিনী বলেছে, তাদের সেনাদের হাতে রাশিয়ার একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2022, 09:46 PM

Updated : 28 Apr 2022, 11:49 PM

মেজর জেনারেল আন্দ্রেই কোলেসনিকভ ছিলেন রাশিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক বিভাগের ২৯তম বাহিনীর কমান্ডার।

ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টা এ খবর দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

কীভাবে তার মৃত্যু হল সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি এবং রাশিয়ার পক্ষ থেকে এ ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি।

দু’সপ্তাহ আগে ইউক্রেইনে রুশ অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এই পর্যায়ের আরও অন্তত দু’জন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।

পশ্চিমা কর্মকর্তারা এর আগে বলেছিলেন, আসলে এ ধরনের উচ্চ পর্যায়ের রুশ কর্মকর্তাদের নিজেদেরকে বিপদের মুখে ঠেলে দেওয়াটা হয়ত অভিযানে তাদের অগ্রগতি থমকে যাওয়ায় হতাশা সৃষ্টিরই লক্ষণ।