‘নিরাপদ কোনো শহর নেই এখানে’
কয়েকটি শহরে হামলা শুরু হওয়ার পর সেখানে আর কোনো ‘নিরাপদ’ শহর নেই বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের একজন সদস্য।
ইন্না সভসং নামের এই এমপি এক টুইটে এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে বিবিসি।
বিবিসির সঙ্গে আলাপে তিনি পরিস্থিতি তুলে ধরে বলেছেন, “গত দুই সপ্তাহ ধরে আমরা খুব কমই দিনে তিন ঘণ্টার বেশি ঘুমাতে পেরেছি। অবশ্যই আমরা আমাদের সন্তানদের জীবন নিয়ে আতঙ্কের মধ্যে আছি, কিন্তু আমাদের তেমন কিছু করার নেই। আমরা আত্মসমর্পণ করবো না, তাদের দখল করতে দেবো না।
“তা যতই ভয়ঙ্কর হোক না কেন, লড়াই করা ও লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আমাদের সত্যিই কোনো বিকল্প নেই।”
পশ্চিমা পক্ষগুলো রাশিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা পুতিনের আগ্রাসন থামানোর জন্য যথেষ্ট, এমনটি তিনি বিশ্বাস করেন না বলে জানিয়েছেন সভসং।
“বিশ্বের কাছে হাতজোড় করে বলছি, অনুগ্রহ করে হস্তক্ষেপ করুন। অনুগ্রহ করে আমাদের পুরো দেশকে ধ্বংস করতে ও আমাদের সবাইকে হত্যা করতে দিয়েন না তাদের। কিছুতেই এটা আমাদের প্রাপ্য না।
“সে থামবে না, বিশ্বের এটি উপলব্ধি করা দরকার,” বলেছেন তিনি।
শুক্রবার ইউক্রেইনে ‘সর্বাত্মক হামলার’ তৃতীয় সপ্তাহে এসে রাশিয়া তাদের আক্রমণের তালিকায় কয়েকটি নতুন শহরকে যুক্ত করেছে। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর লুটস্কের একটি বিমানক্ষেত্র ও একটি জেট ইঞ্জিন ফ্যাক্টরিতে হামলা চালিয়েছে তারা। ইউক্রেইনের মধ্যপূর্বাঞ্চলীয় শক্তিকেন্দ্র নিপ্রোতে বিমান হামলায় একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর ইভানো-ফাঙ্কিভস্ক শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর হয়েছে।
এর পাশাপাশি রাশিয়া অবরুদ্ধ বন্দরনগরী মারিওপোলের উত্তরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর ভলনোবাখার নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছে।
