২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়া ‘আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র’ পরীক্ষা করেছে

উত্তর কোরিয়া সম্প্রতি একটি নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনার কিছু অংশের পরীক্ষা চালিয়েছে জানিয়ে যুক্তরাষ্ট্র একে ‘গুরুতর উত্তেজনা বৃদ্ধি’ অ্যাখ্যা দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2022, 01:43 PM

Updated : 25 Jul 2022, 04:40 PM

পিয়ংইয়ং জানিয়েছিল, ২৬ ফেব্রুয়ারি ও ৪ মার্চ তারা যা উৎক্ষেপণ করেছে, তার লক্ষ্য হচ্ছে একটি সামরিক নজদারি উপগ্রহ তৈরি।

কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ( পেন্টাগন) এখন বলছে, পিয়ংইয়ংয়ের এসব উৎক্ষেপণ সম্ভবত পুরোদস্তুর একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছোড়ার আগের পরীক্ষামূলক উৎক্ষেপণ।

বিবিসি জানিয়েছে, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সর্বনিম্ন পাল্লা সাড়ে ৫ হাজার কিলোমিটারের, উত্তর কোরিয়া থেকে এমন কোনো ক্ষেপণাস্ত্র ছুড়লে তা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারবে; এ ধরনের ক্ষেপণাস্ত্রগুলোর নকশাও করা হয় পরমাণু অস্ত্র বহনে সক্ষম করে।

বৃহস্পতিবার পেন্টাগনের মুখপাত্র জন কারবি বলেছেন, উত্তর কোরিয়ার সাম্প্রতিক দুটি পরীক্ষাই ‘নতুন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট’।

“পিয়ংইয়ংয়ের দুটি উৎক্ষেপণের কোনোটিরই পাল্লা বা সক্ষমতা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সঙ্গে না মিললেও এগুলো ছোড়া হয়েছে ভবিষ্যতে পুরোমাত্রার একটি পরীক্ষা চালানোর আগে নতুন ব্যবস্থাপনার মূল্যায়ন করতে,” বলেছেন কারবি।

“জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবনার নির্লজ্জ লংঘন, অপ্রয়োজনে উত্তেজনা বৃদ্ধি এবং ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল করার ঝুঁকি সৃষ্টিকারী এই উৎক্ষেপণগুলোর তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র,” বলেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের এ অবস্থানে সমর্থন জানিয়ে দক্ষিণ কোরিয়া ও জাপানও পিয়ংইয়ংয়ের পদক্ষেপের নিন্দা জানিয়েছে।

শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় উত্তরের সাম্প্রতিক উৎক্ষেপণগুলোকে ‘নতুন একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা সংশ্লিষ্ট’ বলে অ্যাখ্য দিয়েছে। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনাটি অক্টোবরে এক সামরিক কুচকাওয়াজে কিম জং উন নেতৃত্বাধীন ক্ষমতাসীন পার্টি উন্মোচিত করেছিল বলে দাবি করেছে তারা।

সিউলও উত্তর কোরিয়ার সাম্প্রতিক উৎক্ষেপণগুলোর ‘তীব্র নিন্দা’ জানিয়েছে, জাপান এগুলোকে ‘শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি’ অ্যাখ্যা দিয়েছে, যা ‘সহ্য করা যায় না’।

উত্তর কোরিয়ার এ পরীক্ষাগুলোকে ‘গুরুতর উত্তেজনা বৃদ্ধি’ অভিহিত করে মার্কিন এক ঊর্ধ্বতন কর্মকর্তা পিয়ংইয়ংয়ের ওপর শুক্রবার যুক্তরাষ্ট্র আরও নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে বলে জানিয়েছেন।

পিয়ংইয়ং যেন তার ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতিতে ‘বিদেশি উপকরণ ও প্রযুক্তি’ ব্যবহার না করতে পারে তা নিশ্চিতে নতুন এসব নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে, বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।