২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মারিওপোলে ফের গোলাবর্ষণ, মৃতের সংখ্যা ১,২০৭ বললেন উপ-মেয়র

ইউক্রেইনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মারিওপোলে ফের বোমাবর্ষণ শুরু হয়েছে। রুশ বাহিনী নগরীর কেন্দ্রস্থলে, এমনকী আবাসিক এলাকাতেও বৃষ্টির মতো বোমা ফেলছে বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2022, 11:32 PM

Updated : 28 Apr 2022, 11:49 PM

রুশ সেনারা কয়েকদিন ধরে শহরটি ঘিরে রেখে সেখানে আক্রমণ চালাচ্ছে। ফলে সেখানে বিদ্যুৎ, পানি ও খাবারের সংকট তৈরি হয়েছে।

মারিওপোলের উপ-মেয়র বলেছেন, শহরটিতে মোট কত মানুষ মারা গেছে তা তিনি জনেন না। তবে সর্বসাম্প্রতিক মৃতের সংখ্যা ১, ২০৭ জন।

“এগুলো কেবল মৃতদেহ। আমরা রাস্তা থেকে এগুলো সংগ্রহ করেছি”, বিবিসি-কে বলেন উপ-মেয়র সের্গেই ওরলভ। তিনি বলেন, নগরীর বাইরের কবরস্থানগুলোতে যাওয়া সম্ভব না হওয়ায় ৪৭ টি মৃতদেহ গণকবর দেওয়া হয়েছে। তাদের সবার পরিচয়ও পাওয়া যায়নি।

ওরলভ বলেন, লোকজনকে নগরী থেকে বের করা কিংবা নগরীতে সাহায্য নিয়ে আসা সম্ভব না। বুধবার প্রায় ১শ’ মানুষ প্রাইভেট কারে পালাতে গিয়ে আবার ফিরে আসতে হয়েছে। একটি তল্লাশিকেন্দ্রে রুশ বাহিনী গাড়ির আশেপাশে গুলি ছোড়ায় মানুষ পালিয়ে যেতে পারেনি।

আন্তর্জাতিক কমিটি অব রেডক্রস (আইসিআরসি) বলেছে, অবরুদ্ধ মারিওপোলে এখন শিশুদের জন্য খাবার নেই। এক সপ্তাহেরও বেশি সময় ধরে নগরীটি রুশ সেনারা ঘেরাও করে রেখেছে।

মারিওপোলের আইসিআরসি কর্মীরা বলেছে, লোকজন এখন খাবারের জন্য একে অপরের সঙ্গে লড়ছে। সব দোকান, ফার্মেসি লুট হয়ে যাচ্ছে, কোনও গ্যাস সরবরাহ নেই, হিটিং সিস্টেমও না থাকায় রাতে তাপমাত্রা নীচে নেমে গেলে ঊষ্ণ পরিবেশ বজায় রাখা খুবই কঠিন হচ্ছে।

লোকজন এরই মধ্যে অসুস্থ হতে শুরু করেছে বলেআইসআরসি কর্মীরা সতর্ক করেছে।