নাইজেরিয়ায় ডেপুটি গভর্নরের গাড়িবহরে বন্দুকধারীদের হামলায় নিহত ১৯
নাইজেরিয়ার কেবি রাজ্যে ডেপুটি গভর্নরের গাড়িবহরে বন্দুকধারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ১৯ সদস্য নিহত হয়েছে বলে সেখানকার বাসিন্দারা জানিয়েছেন।
মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটেছে; একইদিন একই রাজ্যে বন্দুকধারীরা অতর্কিত হামলা চালিয়ে একটি স্বেচ্ছাসেবী পাহারাদার দলের অন্তত ৬২ জনকেও হত্যা করেছিল।
মধ্য জানুয়ারির পর উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য কেবিতে এমন রক্তক্ষয়ী সহিংসতা আর দেখা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কেবির ডেপুটি গভর্নর সামাইলা দাবাই ইয়োমবে মঙ্গলবার তার গাড়িবহরে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
কানিয়া শহরে বন্দুযুদ্ধে একাধিক প্রাণহানি হয়েছে জানালেও এ বিষয়ে তেমন বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি, নিহতের সংখ্যাও বলেননি।
“ওয়াসাগু যাওয়ার পথে একটি তীক্ষ্ণ মোড়ের দিকে অগ্রসর হওয়ার সময় আমাদের বহর সন্ত্রাসীদের হামলার মুখে পড়ে,” বলেছেন ইয়োমবে।
স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টার দিকে এই হামলার ঘটনা ঘটে; এতে ১৮ সেনা ও এক পুলিশ সদস্য নিহত এবং আরও ৮ জন আহত হয়েছে বলে বাসিন্দারা জানিয়েছেন।
“কানিয়াতে অতর্কিত হামলার ঘটনায় ১৯টি মৃতদেহ গুনেছি আমি। বিরনিন কেবিতে নিয়ে যেতে দুটি অ্যাম্বুলেন্সে ওই মৃতদেহগুলো তোলা হয়েছিল,” বলেছেন স্থানীয় এক রেডিও সাংবাদিক বশির বালা।
দীর্ঘদিন ধরেই নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে আতঙ্ক সৃষ্টি করে রাখা বন্দুকধারীরা মুক্তিপণের জন্য নিয়মিতই স্কুলশিক্ষার্থী ও গ্রামবাসীদের অপহরণ করে আসছে।
জানুয়ারিতে কয়েক ডজন বন্দুকধারী মোটরবাইকে চেপে কেবির একটি গ্রামে গিয়ে লুটপাট চালায় ও অর্ধশতাধিক মানুষকে হত্যা করে।
এ ধরনের সহিংসতা দেশটির দক্ষিণের রাজ্যগুলোর তুলনায় তুলনামূলক দরিদ্র উত্তরের বিভিন্ন রাজ্যের সমস্যাগুলোকে আরও জটিল করে তুলছে।
