দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীল ইয়ুন সক-ইয়লের জয়
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দেশের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে রক্ষণশীল বিরোধীদলীয় প্রার্থী ইয়ুন সক-ইয়লকে বেছে নিয়েছে দক্ষিণ কোরিয়ারর ভোটাররা।
রাজনীতিতে তুলনামূলক নবীন ইয়ুন শ্রেণিবৈষম্য মোকাবেলার প্রতিশ্রুতির উপর দাঁড়িয়ে ডেমোক্রেটিক পার্টির লি জায়ে-মিয়ুংকে পরাস্ত করেছেন বলে জানিয়েছে বিবিসি।
নিজের জয়কে ইয়ুন ‘মহান দক্ষিণ কোরিয়ার জনগণের জয়’ বলে অভিহিত করেছেন।
দক্ষিণ কোরিয়ার ইতিহাসের অন্যতম তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীর প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল ১ শতাংশেরও কম।
বৃহস্পতিবার সকালে বিজয় অনুষ্ঠানে সমর্থকদের উদ্দেশ্যে ইয়ুন বলেন, তিনি জনগণের জীবনমান ও হতদরিদ্রদের কল্যাণের দিকে নজর দেবেন।
দুই প্রার্থীর কারোরই প্রচার তেমন জমে উঠতে দেখা না গেলেও বুধবারের নির্বাচনে ভোটদানে উপযুক্তদের মধ্যে তিন-চতুর্থাংশের বেশিই তাদের রায় জানিয়েছিলেন।
এবারের নির্বাচনে ভোটারদের চিন্তাভাবনায় বেশি গুরুত্ব পেয়েছে আকাশচুম্বী হতে থাকা বাড়ির দাম, স্থবির অর্থনৈতিক প্রবৃদ্ধি, বেকারত্ব ও জেন্ডার বৈষম্য।
ইয়ুন তার প্রচারণায় প্রেসিডেন্ট হলে দক্ষিণ কোরিয়ার লিঙ্গ সমতা ও পরিবার বিষয়ক মন্ত্রণালয় বিলুপ্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
বাৎসরিক বাজেটের মাত্র শূন্য দশমিক ২ শতাংশ খরচ করা মন্ত্রণালয়টি মূলত পরিবারভিত্তিক সেবা, শিক্ষা ও শিশুসেবা দিয়ে আসছে।
নির্বাচনী প্রচারের সময় ইয়ুন তরুণদের আস্থা অর্জনের দিকেই বেশি মনোযোগী ছিলেন; এ তরুণদের অনেকেই দক্ষিণ কোরিয়ায় পদ্ধতিগত লিঙ্গ বৈষম্য নেই বলে দাবি করে আসছে।
এজন্য অনেকে লিঙ্গ সমতা নিয়ে কাজ করা নারী প্রার্থী সিম সাং-জুকেও ভোট দিয়েছে বলে দেখাচ্ছে ভোটের চিত্র।
পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ এবং চীন ও উত্তর কোরিয়ার বিষয়ে শক্ত অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ইয়ুন।
হোয়াইট হাউস এরই মধ্যে তাকে অভিনন্দন জানিয়েছে; মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুই দেশের সম্পর্ক আরও সম্প্রসারণের অপেক্ষায় আছেন, বলেছে তারা।
প্রেসিডেন্ট হলেও দক্ষিণ কোরিয়ার এককক্ষ বিশিষ্ট ন্যাশনাল অ্যাসেম্বলিতে ডেমোক্রেটিক পার্টির সংখ্যাগরিষ্ঠতা থাকায় ইয়ুনকে তার প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নে বেশ বেগ পেতে হবে বলেই মনে করা হচ্ছে।
নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ক্ষমতাসীন মুন জায়ে-ইনকে দক্ষিণ কোরিয়ার শীর্ষপদ থেকে সরে দাঁড়াতে হবে; চলতি বছরের মে-তে উদারপন্থি মুনের ৫ বছরের মেয়াদ শেষ হতে যাচ্ছে।
