ইউক্রেইনের জন্য ১৩৬০ কোটি ডলার অনুমোদন মার্কিন প্রতিনিধি পরিষদে
রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেইন এবং তার মিত্র প্রতিবেশী দেশগুলোকে সহায়তার জন্য এক হাজার ৩৬০ কোটি ডলারের তহবিলে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদ।
রয়টার্স জানিয়েছে, বুধবার রাতে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে এই তহবিলে অনুমোদন দেওয়া হয়। এ সপ্তাহের শেষ নাগাদ সিনেটেও এ প্রস্তাব অনুমোদন পাবে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি সাংবাদিকদের বলেন, “ইউক্রেইনে একটি যুদ্ধ চলছে। আমরাও এখানে গুরুত্বপূর্ণ কাজ করেছি।”
তিনি জানান, সমানভাবে বিভক্ত সিনেটে তার দলের ডেমোক্রেট সিনেটরদের জন্য এই প্রস্তাবটি অনুমোদন করাতে বিরোধী রিপাবলিকান দলের অন্তত ১০ জন সদস্যের সমর্থন দরকার হবে। ডেমোক্রেটরা জানেন, এ জন্য তাদের ‘সমঝোতায়’ যেতে হবে।
ইউক্রেইনের জন্য এই সহায়তা তহবিলে ৬৫০ কোটি ডলার রাখা হয়েছে পূর্ব ইউরোপে সেনা ও অস্ত্র পাঠাতে এবং মিত্র বাহিনীকে অস্ত্রায়ন করতে যুক্তরাষ্ট্রের খরচের খাতে।
এছাড়া ৬৮০ কোটি ডলার রাখা হয়েছে শরণার্থীদের খোরপোষে, মিত্রদের সহায়তার জন্য, রাশিয়ার বিরুদ্ধে আরও অর্থনৈতিক অবরোধ আরোপের জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারকে সহায়তা দিতে এবং সাইবার হুমকি মোকাবেলার জন্য। এ প্যাকেজের জন্য প্রেসিডেন্ট জো বাইডেন এক হাজার কোটি ডলার চেয়েছিলেন।
স্পিকার পেলোসি জানান, বুধবার তিনি ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ৪৫ মিনিট কথা বলেছেন। তার দেশের জন্য অস্ত্র ও অন্যান্য সহায়তার বিষয়ে তারা আলোচনা করেছেন।
