২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরীয় যোদ্ধাদের ভাড়া করার চেষ্টা করছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

ইউক্রেইনে যুদ্ধ করার জন্য সিরিয়া থেকে রাশিয়া যোদ্ধা ভাড়া করার চেষ্টা করছে বলে দাবি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2022, 11:10 PM

Updated : 02 Aug 2022, 03:04 PM

Image
দামেস্কে গত মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে দেখা করেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্জেই শোইগু। ফাইল ছবি: রয়টার্স

দামেস্কে গত মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে দেখা করেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্জেই শোইগু। ফাইল ছবি: রয়টার্স

সোমবার ওয়াল স্ট্রিট জার্নালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ পায় বলে জানায় বিবিসি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘‘আমরা উল্লেখ করার মত একটি খবর পেয়েছি। তা হলো, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বাস করেন ইউক্রেইন যুদ্ধে বিকল্প সেনা হিসেবে তার বিদেশি যোদ্ধাদের প্রয়োজন পড়বে। যারা ইউক্রেইনের ভেতরে যুদ্ধে উল্লেখ করার মত প্রতিশ্রুতিবদ্ধ সেনা শক্তি হবে।”

সিরিয়ায় গৃহযুদ্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে ছিল রাশিয়া। এমনকি রাশিয়া ২০১৫ সালের দিকে বাশারের পক্ষে সেখানে সেনা অভিযানও চালিয়েছে। রাশিয়ার ওই অভিযানের ফলে গৃহযুদ্ধে নাটকীয়ভাবে বাশার বাহিনী এগিয়ে যায়।

‘সিরিয়ার যোদ্ধাদের প্রত্যন্ত অঞ্চলে যুদ্ধের যে অভিজ্ঞতা রয়েছে সেটা রুশ বাহিনীকে ইউক্রেইনের রাজধানী কিইভ দখলে সাহায্য করবে বলে আশা তাদের’, ওয়াল স্ট্রিট জার্নালকে এমনটাই বলেন মার্কিন কর্মকর্তারা। 

সিরিয়ার অ্যাকটিভিস্টদের পরিচালিত একটি সংবাদ নেটওয়ার্ক গত মাসে খবর দিয়েছিল - রাশিয়া সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোর লোকদের ছয় মাসের জন্য ইউক্রেইন গিয়ে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করার প্রস্তাব দিচ্ছে। তাদের এজন্য ২০০ থেকে ৩০০ মার্কিন ডলারের মতো বেতন দেবার প্রস্তাব দেয়া হয়েছে।