২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধে রাশিয়ার আরেক জেনারেল নিহত, দাবি ইউক্রেইনের

ইউক্রেইনের যুদ্ধে রাশিয়ার দ্বিতীয় আরেকজন জেনারেল নিহত হয়েছে, দাবি করেছে কিইভের সামরিক গোয়েন্দা সংস্থা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2022, 11:19 AM

Updated : 28 Apr 2022, 11:48 PM

মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে, অবরুদ্ধ খারকিভ শহরের কাছে রাশিয়ার এ জ্যেষ্ঠ কমান্ডারের মৃত্যু হয়েছে।

এক বিবৃতিতে ইউক্রেইনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ বলেছে, রাশিয়ার ৪১তম সেনাবাহিনীর প্রথম ডেপুটি কমান্ডার মেজর জেনারেল ভিতালি গেরাসিমভ সোমবার নিহত হয়েছেন।   

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ দাবি তারা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি এবং এ বিষয়ে তাৎক্ষণিকভাবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো মন্তব্যও নিতে পারেনি।

ইউক্রেইনের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, গেরাসিমভ দ্বিতীয় চেচেন যুদ্ধে এবং সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন। ‘ক্রাইমিয়ার প্রত্যাবর্তনের জন্য’ তিনি একটি মেডাল পেয়েছিলেন।

ইউক্রেইনের কর্মকর্তারা একটি ছবি টুইট করে সেটি গেরাসিমভের বলে দাবি করে ছবির নিচে লাল কালিতে তাকে ‘শেষ করে দেওয়া হয়েছে’ এমনটি লিখেছেন বলে বিবিসি জানিয়েছে।  

এর আগে ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়ার আরেক জেনারেল এই ৪১তম সেনাবাহিনীরই আরেক ডেপুটি কমান্ডার আন্দ্রেই সুখাভিয়েৎস্কি নিহত হয়েছেন বলে দাবি করেছিল ইউক্রেইন।

ইউক্রেইনের দাবি, তাদের বাহিনীগুলো রাশিয়ার ১১ হাজারেরও বেশি সেনাকে হত্যা করেছে। রাশিয়া নিশ্চিত করেছে, ইউক্রেইনের যুদ্ধে এ পর্যন্ত তাদের প্রায় ৫০০ সেনা নিহত হয়েছে।

তবে ইউক্রেইনের দিকে কতো হতাহত হয়েছে তা কোনো পক্ষই প্রকাশ করেনি।