পুতিন-জেলেনস্কি ‘সরাসরি কথা’ বলার আহ্বান মোদীর
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ‘সরাসরি কথা’ বলার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে আহ্বান জানিয়েছেন।
ভারতের সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
“ইউক্রেইন এবং রাশিয়ার প্রতিনিধিদলের মধ্যে যে শান্তি আলোচনা চলছে, তার অগ্রগতি সম্পর্কে পুতিন ভারতের প্রধানমন্ত্রী মোদীকে অবহিত করেছেন,” বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।
দুই নেতা টেলিফোনে ৫০ মিনিট কথা বলেছেন। এর আগে মোদী ইউক্রেইনের প্রেসিডেন্টের সঙ্গেও ফোনে কথা বলেন।
ওদিকে, বিবিসি জানিয়েছে, দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে সোমবার তৃতীয় দফা শান্তি বৈঠক হচ্ছে।
ইউক্রেইনের সংঘাতপূর্ণ এলাকাগুলো থেকে বেসামরিক লোকজনকে নিরাপদ জায়গায় চলে যাওয়ার সুযোগ তৈরির জন্য মানবিক সহায়তার করিডোর স্থাপনের ব্যাপারে গত সপ্তাহের বৈঠকে মীমাংসা হয়।
কিন্তু সেই করিডোর নিশ্চিত করতে প্রয়োজনীয় সাময়িক যুদ্ধবিরতি পালন না করার জন্য দুই পক্ষ একে অপরকে দায়ী করছে।
রাশিয়া বলছে, তারা ছয়টি মানবিক করিডোর চালু করেছে। কিন্তু ইউক্রেইন সরকারের অভিযোগ, এই করিডোরগুলো সবই রাশিয়া এবং বেলারুশ-মুখী।
