‘রাশিয়া যাওয়ার’ করিডোরের অনুরোধ জানাননি, দাবি ম্যাক্রোঁর
রাশিয়ার দিকে যাওয়া ‘করিডোরের’ অনুরোধ জানাননি বলে দাবি করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দিতে ইউক্রেইনের রাজধানী কিইভ, দ্বিতীয় জনবহুল শহর খারকিভ, বন্দরনগরী মারিওপোল ও পূর্বাঞ্চলীয় শহর সুমাইয়ে সোমবার অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া।
এই চারটি শহরের বেসামরিক লোকজন যাতে নিরাপদে সরে যাওয়ার সুযোগ পায়, তা নিশ্চিত করতেই এই অস্ত্রবিরতি কার্যকর হবে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে (বাংলাদেশ সময় বেলা ১টা) এই অস্ত্রবিরতি শুরু হওয়ার রয়েছে।
রয়টার্স লিখেছে, বড় ধরনের বিপর্যয়ের মুখে থাকা এই শহরগুলোর পরিস্থিতি বিবেচনায় ম্যাক্রোঁর ব্যক্তিগত অনুরোধে এসব শহরে অস্ত্রবিরতি কার্যকরের এই ঘোষণা দিয়েছে মস্কো।
বার্তা সংস্থা আরআইএ-র প্রকাশিত মানচিত্র অনুযায়ী, কিইভ থেকে মানবিক সহায়তার করিডোর বেলারুশের দিকে যাবে এবং খারকিভের বেসামরিক বাসিন্দারা শুধু রাশিয়ার দিকে যাওয়া একটি করিডোর ব্যবহার করতে পারবে। মারিওপোল ও সুমাই থেকে বের হওয়ার করিডোর শহর দুটির বেসামরিকদের ইউক্রেইনের অন্যান্য শহর ও রাশিয়ায় নিয়ে যাবে।
কিন্তু তার অনুরোধে রাশিয়ার দিকে যাওয়া করিডোরগুলোর প্রস্তাব করা হয়েছে, এমন দাবি ফ্রান্সের প্রেসিডেন্ট প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম বিএফএমটিভি।
বিএফএমটিভিকে ম্যাক্রোঁর দপ্তর এলিজে থেকে বলা হয়েছে, “ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রাশিয়ার কাছে করিডোরের অনুরোধ জানাননি। প্রেসিডেন্ট দৃঢ়ভাবে বেসামরিক লোকজনকে চলে যেতে দেওয়ার ও ত্রাণবহর প্রবেশের অনুমতির অনুরোধ জানিয়েছেন।
“এটি পুতিনের নিজের বক্তব্যকে সামনে আনার আরেকটি রাস্তা আর বলা যে, ইউক্রেইনীয়রাই আক্রমণকারী এবং তারা হচ্ছে সেই জন যারা সবাইকে আশ্রয়ের দেয়।”
শরণার্থীদের বেলারুশ ও রাশিয়ায় নিয়ে যাওয়ার জন্য মস্কোর মানবিক করিডোরের প্রস্তাবকে ‘পুরোপুরি অনৈতিক’ বলে মন্তব্য করেছে ইউক্রেইন।
দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক মুখপাত্র বলেছেন, ইউক্রেইনীয় নাগরিকদের তাদের ঘরবাড়ি ছেড়ে ইউক্রেইনীয় এলাকার ভেতর দিয়েই যাওয়ার অনুমতি দেওয়া উচিত।
