২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুহুইয়িভ পুনরুদ্ধারের দাবি ইউক্রেইনীয় বাহিনীর

ইউক্রেইনের প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করেছেন, তাদের বাহিনীগুলো পূর্বাঞ্চলীয় শহর চুহুইয়িভ পুনরধিকার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2022, 01:55 PM

Updated : 28 Apr 2022, 11:48 PM

রোববার রাতে এক ফেইসবুক পোস্টে ইউক্রেইন সেনাবাহিনীর জেনারেল স্টাফ বলেছে, রাশিয়ার বাহিনীগুলোর নিয়ন্ত্রণ থেকে চুহুইয়িভ শহরটি ফের নিজেদের অধিকারে এনেছে কিইভের বাহিনীগুলো।

এ লড়াইয়ে মস্কোর বাহিনীগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তারা।

শহরটি নিয়ে লড়াই চলাকালে রাশিয়ার উচ্চ পদস্থ দুই জন কমান্ডারও নিহত হয়েছে বলে বলে দাবি করেছেন ইউক্রেইনীয় কর্মকর্তারা।

তাদের এসব দাবি বিবিসি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে ।

ইউক্রেইনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকে প্রায় ২৩ মাইল দূরের চুহুইয়িভের বাসিন্দা প্রায় ৩১ হাজার। এক সপ্তাহেরও বেশি সময় ধরে খারকিভে ব্যাপক গোলাবর্ষণ করছে রাশিয়ার বাহিনীগুলো।

বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দিতে ইউক্রেইনের রাজধানী কিইভ, দ্বিতীয় জনবহুল শহর খারকিভ, বন্দরনগরী মারিওপোল ও পূর্বাঞ্চলীয় শহর সুমাইয়ে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া।

রয়টার্স লিখেছে, বড় ধরনের বিপর্যয়ের মুখে থাকা এই শহরগুলোর পরিস্থিতি বিবেচনায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ব্যক্তিগত অনুরোধে এসব শহরে অস্ত্রবিরতি কার্যকরের এই ঘোষণা দিয়েছে মস্কো।