২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়া স্কুল ও হাসপাতালে হামলা চালাচ্ছে: ইউক্রেইন

রাশিয়া স্কুল, হাসপাতাল, নার্সারিসহ বেসামরিক নিশানাগুলোতে হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেইনের উপ-প্রধানমন্ত্রী ওলা স্টেফানিশনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2022, 09:20 PM

Updated : 28 Apr 2022, 11:47 PM

বিবিসি-কে তিনি বলেন, ইউক্রেইনের সেনাবাহিনীর কাছ থেকে কঠোর প্রতিরোধের মুখে পড়ার পর রাশিয়া বেসামরিক নাগরিকদের ওপর ‘ব্যাপকমাত্রায় অভিযান’ শুরু করেছে।

তিনি রাশিয়ার বিরুদ্ধে আকাশ এবং ভূমি থেকে হামলা চালানোর সঙ্গে সঙ্গে ‘সন্ত্রাসী পরিকল্পনা’ থাকারও অভিযোগ করেন।

বিবিসি’র টিভি সানডে মর্নিং প্রোগ্রামে ওলা স্টেফানিশনা অভিযোগ করে বলেন, “রাশিয়া তাদের সমর কৌশলে সুনির্দিষ্টভাবে ইউক্রেইনের শহরগুলোকে নিশানা করেছে।”

“হাসপাতাল, কিন্ডারগার্র্টেন ভবন, স্কুল এমনকী সাধারণ মানুষের বাড়িঘরের ওপরও তারা গোলা বর্ষণ করছে, এটাই বাস্তবতা।”

“ইউক্রেইন রাশিয়া ফেডারেশনের এই সন্ত্রাসী পরিকল্পনা বাস্তবায়নের আরেকটি ঢেউ দেখতে পাচ্ছে”, বলেন তিনি।

রাশিয়া যুদ্ধে সেনাসহ সাজ-সরঞ্জাম খুইয়ে ‘প্রচণ্ড ক্ষতির সম্মুখীন’ হচ্ছে বলেও দাবি করেন স্টেফানিশনা। তবে বলেন, এতেও ‘রাশিয়া পিছপা হচ্ছে না, বরং কেবল আরও আগ্রাসী হয়ে উঠছে’।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও রোববারেই (ডব্লিউএইচও) জানিয়েছিল, ইউক্রেইনের স্বাস্থ্যকেন্দ্রগুলো হামলার শিকার হচ্ছে।

ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেছিলেন, “স্বাস্থ্যকেন্দ্রগুলোতে একাধিক হামলার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এতে কয়েকজন নিহত এবং আহতও হয়েছে।”

ব্রিটিশ সামরিক গোয়েন্দারাও অভিযোগ করে বলেছেন, রাশিয়া বাহিনী বহুজায়গায় ইউক্রেইনের জনবহুল এলাকাগুলোকে নিশানা করে হামলা চালাচ্ছে।

রাশিয়া ১৯৯৯ সালে চেচনিয়া এবং ২০১৬ সালে সিরিয়ায় একই কৌশল অবলম্বন করেছিল বলে সর্বশেষ গোয়েন্দা তথ্যে জানিয়েছেন ব্রিটিশ গোয়েন্দারা। তবে রাশিয়া বরাবরই বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর কথা অস্বীকার করে আসছে।

শনিবার জাতিসংঘ পর্যবেক্ষকরা বলেছেন, গত ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ৩৫১ জন বেসামরিক নাগরিকের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। তবে মৃতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

বেসামরিক নাগরিক কিংবা স্কুল এবং হাসপাতালের মতো বেসামরিক অবকাঠামোর ওপর হামলা জেনেভা কনভেশনের লঙ্ঘন। ইউক্রেইনে বেসামরিক নাগরিকদের রুশ বাহিনীর হামলার শিকার হওয়ার কথা বলছে অন্যান্য বেসরকারি সংগঠনগুলোও।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, তারা বহু হামলার ঘটনা খতিয়ে দেখতে পেয়েছে- কিন্ডারগার্টেনে এবং নার্সারিতে গুচ্ছ বোমা হামলা হয়েছে এবং হাসপাতালে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।