২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

ইউক্রেইনে হামলায় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা সিঙ্গাপুরের

ইউক্রেইনে মস্কোর ‘বিপজ্জনক নজির’ সৃষ্টির প্রতিক্রিয়ায় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে এশিয়ার অন্যতম অর্থনৈতিক কেন্দ্র সিঙ্গাপুর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2022, 05:35 PM

Updated : 28 Apr 2022, 11:47 PM

বার্তা সংস্থা রয়টার্স জানায়, তাদের বিরল এ নিষেধাজ্ঞার আওতায় চারটি রুশ ব্যাংক পড়েছে; ছোট এ নগররাষ্ট্রটি রাশিয়ায় ইলেকট্রনিক্স, কম্পিউটার ও সামরিক সরঞ্জাম রপ্তানিও নিষিদ্ধ করেছে।

সিঙ্গাপুরকে সাধারণত অন্য কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা দিতে দেখা যায় না। সেই দেশটিই শনিবার বলেছে, ইউক্রেইনীয়দের ক্ষতি করতে বা তাদের নিয়ন্ত্রণে আনতে ব্যবহৃত হতে পারে কিংবা রাশিয়াকে সাইবার হামলা চালাতে সাহায্য করতে পারে এমন পণ্য দেশটিতে রপ্তানি হবে না।

“রাশিয়ার সরকার অন্য সার্বভৌম দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লংঘন করবে, তা মেনে নিতে পারি না আমরা। সিঙ্গাপুরের মতো ছোট দেশগুলোর ক্ষেত্রে এটা কেবল তত্ত্বগত নীতি নয়, বরং খুবই বিপজ্জনক নজির। এ কারণেই সিঙ্গাপুর রাশিয়ার বিনা উসকানিতে হামলার তীব্র নিন্দা জানাচ্ছে,” বিবৃতিতে বলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিষেধাজ্ঞা জারি করলেও কবে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে তা জানায়নি তারা।

নিষেধাজ্ঞার কারণে কেন্দ্রীয় ব্যাংকসহ সিঙ্গাপুরের আর্থিক প্রতিষ্ঠানগুলো রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি ভিটিবি ব্যাংক পাবলিক জয়েন্ট স্টক কোম্পানি, দ্য করপোরেশন ব্যাংক ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেইন ইকোনমিক অ্যাফেয়ার্স ভেনেশেকোনোম ব্যাংক, প্রমস্ভাজব্যংক পাবলিক জয়েন্ট স্টক কোম্পানি ও ব্যাংক রোশিয়ার সঙ্গে লেনদেনে যেতে পারবে না। এই লেনদেনের আওতায় ক্রিপ্টোকারেন্সিও আছে।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সিঙ্গাপুরই রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে শক্ত অবস্থান নিল।

এর আগে বৃহস্পতিবার দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান ইউক্রেইনে যুদ্ধবিরতির আহ্বান জানালেও রাশিয়ার সম্পৃক্ততার উল্লেখ করেনি।

আসিয়ান জোটের সদস্য দেশগুলোর মধ্যে সিঙ্গাপুরও আছে।