২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা কতটা বিপজ্জনক?

ইউক্রেইনের জেপোরোজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে রুশ গোলা হামলায় যে আগুন লেগেছিল তাতে কয়েকজন নিহত ও আহত হওয়ার খবর সদ্যই জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2022, 12:49 AM

Updated : 28 Apr 2022, 11:47 PM

জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বলছে, কেন্দ্রটির কোনও নিরাপত্তা ব্যবস্থারই ক্ষতি হয়নি এবং সেখান থেকে কোনও তেজস্ক্রিয় পদার্থও বের হয়নি।

তবে পারমাণবিক বিশেষজ্ঞরা বলছেন, জেপোরোজিয়ায় হামলার ঘটনায় খুবই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যদি কেন্দ্রটির কোনও পারমাণবিক চুল্লি এবং সেটি যে কাঠামোর মধ্যে আছে তা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে চুল্লি অতিরিক্ত গরম হয়ে জ্বালানি রড গলে যেতে পারে।

তখন চুল্লি থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে আশেপাশের পরিবেশে। আর মানুষ এই তেজস্ক্রিয়তার সংস্পর্শে এলে তাৎক্ষণিকভাবে কিংবা দীর্ঘমেয়াদে এর বিরূপ প্রভাব পড়তে পারে তাদের স্বাস্থ্যে। হতে পারে ক্যান্সারও।

তারপরও বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ কেন্দ্রটিতে হামলা বিপজ্জনক হলেও চেরনোবিল আর জেপোরোজিয়া বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য আছে।

বিবিসি জানায়, জেপোরোজিয়ায় রাশিয়ার গোলাবর্ষণের পর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের জরুরি বৈঠকের ডাকে নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক শুরু হয়েছে।

রাশিয়ার হামলায় জেপোরোজিয়া পরমাণু কেন্দ্রের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষও হতাহত হয়েছে বলে ইউক্রেইন জানিয়েছে।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেছেন, রাশিয়ার এমন কাণ্ড ‘বেপরোয়া এবং বিপজ্জনক’। তিনি বলেন, “ইশ্বরের কৃপায় বিশ্ব গতরাতে অল্পের জন্য পারমাণবিক বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে।”

রাশিয়ার সেনারা সেখানে আরেকটি পারমাণবিক স্থাপনা থেকে ২০ মাইল দূর রয়েছে, ফলে ‘আসন্ন বিপদের’ আশঙ্কা থেকেই যাচ্ছে বলে জানিয়েছেন গ্রিনফিল্ড।