খারসনের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী: মেয়র
রাশিয়ার বাহিনী ইউক্রেইনের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী খারসনের নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র।
ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেইনে সর্বাত্মক আক্রমণ শুরুর পর এটাই রাশিয়ার দখলে যাওয়া বড় কোনো শহর।
খারসনের মেয়র ইগর কোলিখায়েভ জানিয়েছেন, রুশ সেনারা জোর করে সিটি কাউন্সিল ভবনে ঢুকে পড়েছে এবং বাসিন্দাদের ওপর কারফিউ জারি করেছে।
খারসনের পাশাপাশি ইউক্রেইনের আরও কয়েকটি শহরে তুমুল গোলাবর্ষণ চলায় বুধবার দিনটি রুশ হামলা শুরুর পর থেকে অন্যতম ধ্বংসাত্মক দিনে পরিণত হয়েছে।
ইউক্রেইনে সম্ভাব্য যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ নিয়ে হেগের আন্তর্জাতিক আদালত তদন্তও শুরু করেছে।
হামলা শুরুর পর এই প্রথম রাশিয়া যুদ্ধে তাদের প্রাণহানির হিসাব দিয়েছে। তাদের হিসাবে যুদ্ধে এখন পর্যন্ত তাদের ৪৯৮ সেনার প্রাণ গেছে, আহত হয়েছে এক হাজার ৫৯৭ জন। অন্যদিকে ইউক্রেইনের দাবি, যুদ্ধে রাশিয়া কয়েক হাজার সেনা হারিয়েছে।
গত বৃহস্পতিবার হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত দুই হাজারের বেশি বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেইন। এরই মধ্যে ১০ লাখের বেশি মানুষ দেশটি ছেড়ে পালিয়েছে, বলছে জাতিসংঘের হিসাব।
ফেইসবুকে দেওয়া এক পোস্টে কোলিখায়েভ বলেছেন, খারসনের নিয়ন্ত্রণ এখন রাশিয়ার বাহিনীর হাতে।
ইউক্রেইনের দক্ষিণে কৃষ্ণসাগর উপকূলে অবস্থিত এই শহরে ২ লাখ ৮০ হাজারের বেশি মানুষের বাস।
কোলিখায়েভ বেসামরিকদের প্রতি গুলি না চালাতে রুশ সেনাদের অনুরোধ করেছেন। শহরে ইউক্রেইনের কোনো সেনা নেই বলেও জানিয়েছেন তিনি।
‘ইউক্রেইনের পতাকা সমুন্নত রাখতে’ রুশ সেনারা যেসব শর্ত বেঁধে দিয়েছে, তা মেনে চলতে বাসিন্দাদের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।
এসব শর্তের মধ্যে আছে- রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ। বাইরে একসঙ্গে সর্বোচ্চ দুজনের বেশি থাকা যাবে না। খাবার, ওষুধ এবং অন্যান্য জরুরি পণ্যের গাড়ি শহরে ঢুকতে পারবে, গাড়ি চালাতে হবে সর্বনিম্ন গতিতে।
“(রুশ) দখলদাররা এখন শহরের সব অংশে এবং তারা খুবই বিপজ্জনক,” ফ্রান্সভিত্তিক একটি বার্তা সংস্থাকে এমনটাই বলেছেন আঞ্চলিক কর্তৃপক্ষের প্রধান গেনাদি লাখুতা।
খারসনের নিয়ন্ত্রণ পাওয়ায় রুশ সেনারা এখন শহরটিতে সামরিক ঘাঁটি বানিয়ে ইউক্রেইনের আরও ভেতরে তুলনামূলক সহজে অগ্রসর হতে পারবে।
এদিকে ইউক্রেইনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে তুমুল গোলাবর্ষণ অব্যাহত আছে। শহরটির মেয়র বিবিসিকে বলেছেন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও গোলা আবাসিক এলাকাগুলোতে আঘাত হানায় বিপুল সংখ্যক বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
দক্ষিণের আরেকটি গুরুত্বপূর্ণ বন্দর মারিওপোলে কয়েক ঘণ্টার লাগাতার গোলাবর্ষণে কয়েকশ মানুষ মারা পড়েছে বলেও অনুমান করা হচ্ছে।
তবে রাজধানী কিয়েভকে ঘিরে ফেলার রুশ চেষ্টায় অগ্রগতি দেখা যাচ্ছে না; কিয়েভের দিকে আসা বিশাল সাঁজোয়া বহর বুধবার তেমন একটা এগোয়ওনি।
বৃহস্পতিবার দিবাগত রাতে কিয়েভে বেশ কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, ভিডিও ফুটেজে বড় একটি অগ্নিগোলককে রাতের আকাশ আলোকিত করতে দেখা যায়।
