২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার ইউরেনিয়ামে নিষেধাজ্ঞা না দিতে চাপ মার্কিন কোম্পানিগুলোর

ইউক্রেইনে সংঘাতের তীব্রতা বাড়লেও হোয়াইট হাউস যেন রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি অব্যাহত রাখে তা নিশ্চিতে মার্কিন পারমাণবিক বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট কোম্পানিগুলো ব্যাপক তদবির চালাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2022, 03:01 PM

Updated : 28 Apr 2022, 11:46 PM

যুক্তরাষ্ট্রে বিদ্যুতের দাম কম রাখার ক্ষেত্রে সস্তায় ইউরেনিয়াম কেনাই মূল ভূমিকা রাখে। এ সরবরাহ চেইন যেন অব্যাহত থাকে, সেজন্য রুশ ইউরেনিয়ামে নিষেধাজ্ঞা না দেওয়ার এ তদবির করা হচ্ছে বলে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো আছে তা সচল রাখতে প্রয়োজনীয় ইউরেনিয়ামের প্রায় অর্ধেকই আসে রাশিয়া ও তাদের মিত্র কাজাখস্তান ও উজবেকিস্তান থেকে।

২০২০ সালে এ দেশগুলো থেকে প্রায় এক কোটি ৩ লাখ কেজি ইউরেনিয়াম কিনেছে তারা, যা থেকে যুক্তরাষ্ট্রের মোট বিদ্যুতের প্রায় ২০ শতাংশ উৎপাদিত হয়েছে বলে ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশন ও যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে।

রুশ বাহিনী প্রতিবেশী ইউক্রেইনে আগ্রাসন শুরু করার পর ওয়াশিংটন ও তার মিত্ররা মস্কোর ওপর ধারাবাহিক নিষেধাজ্ঞা আরোপ করে এলেও এখন পর্যন্ত ইউরেনিয়াম বিক্রি ও এ সংক্রান্ত আর্থিক লেনদেনকে ছাড় দেওয়া হয়েছে।

ডিউক এনার্জি কর্পোরেশন ও এক্সেলন কর্পোরেশনসহ মার্কিন পরমাণু বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলোর ব্যবসায়িক গোষ্ঠী দ্য ন্যাশনাল এনার্জি ইনস্টিটিউট (এনইআই) রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানির ক্ষেত্রে এই ছাড় অব্যাহত রাখতে তদবির করছে বলে জানিয়েছে সূত্রগুলো।

এনইআইয়ের তদবিরের উদ্দেশ্য হচ্ছে, রাশিয়ার অপরিশোধিত তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিতে ব্যাপক আহ্বানের মধ্যে ভবিষ্যতে যদি জ্বালানি সংক্রান্ত কোনো নিষেধাজ্ঞা দেওয়াও হয়, তাতে যেন ইউরেনিয়াম না থাকে, বলছে সূত্রগুলো।

“যুক্তরাষ্ট্রের পরমাণু বিদ্যুৎ খাত সস্তা রাশিয়ান ইউরেনিয়ামের ওপর নির্ভরশীল,” বলেছে একটি সূত্র; বিষয়টির সংবেদনশীলতার কথা উল্লেখ করে নাম প্রকাশে রাজি হননি তিনি।

রয়টার্স তাৎক্ষণিকভাবে এ তদবিরের বিষয়ে মন্তব্য পেতে যুক্তরাষ্ট্রের বড় দুটি বিদ্যুৎ উৎপাদক কোম্পানি ডিউক ও এক্সেলনের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

ওয়াশিংটনভিত্তিক এনইআই জানিয়েছে, তারা ইউরেনিয়ামের বৈচিত্রপূর্ণ সরবরাহকে সমর্থন করে, এর মধ্যে মার্কিন স্থাপনাগুলোতে জ্বালানিটির উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণও আছে।

“রাশিয়া যেহেতু বিশ্বজুড়ে বাণিজ্যিক পারমাণবিক জ্বালানির গুরুত্বপূর্ণ সরবরাহকারী, সরবরাহে সম্ভাব্য ব্যাঘাতের ঝুঁকি কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো তাদের জ্বালানির জন্য বিশ্বজুড়ে বিভিন্ন কোম্পানির নেটওয়ার্ক এবং দেশগুলোর সঙ্গে চুক্তি করছে,” বলেছেন এনইআইয়ের জ্বালানি ও বিকিরণ নিরাপত্তার ঊর্ধ্বতন পরিচালক নিমা আশকেবৌসি।

বাইডেন প্রশাসন জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কম রাখতে কাজ করছে।

“আমরা বিভিন্ন খাতের সমস্ত চাহিদার বিষয়গুলো শুনছি; রাশিয়াকে জবাবদিহি করতে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আমরা এটা চালিয়ে যাবো,” ইউরেনিয়ামে নিষেধাজ্ঞা আটকাতে তদবির নিয়ে প্রশ্নের উত্তরে এমনটাই বলেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।

ইউরেনিয়াম মূলত পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।

বর্তমানে যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণ হচ্ছে না। তবে একাধিক মার্কিন কোম্পানি বলে আসেছে, বিদ্যুৎ উৎপাদক কোম্পানিগুলো যদি দীর্ঘমেয়াদী সরবরাহ চুক্তিতে আসে তাহলে তারা অভ্যন্তরীণভাবে ইউরেনিয়াম উৎপাদন পুনরায় শুরুর ব্যাপারে আগ্রহী।

যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ওয়াইয়োমিংয়ে ইউরেনিয়ামের বড় ধরনের মজুদ আছে।

অস্ট্রেলিয়া ও কানাডার মজুদও ব্যাপক, তাদের পাশাপাশি ইউরোপের অনেক দেশের ইউরেনিয়াম প্রক্রিয়াজাতকরণের সক্ষমতাও আছে। তরে রাশিয়া এবং এর মিত্র ২-১টি দেশই সবচেয়ে সস্তায় ইউরেনিয়াম উৎপাদন করতে পারে।

রাশিয়ার ইউরেনিয়াম উৎপাদন নিয়ন্ত্রণ করে রোসাটম, ২০০৭ সালে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাষ্ট্রায়ত্ত এই কোম্পানিটি গঠন করেছিলেন। কোম্পানিটি রাশিয়ার রাজস্ব আয়ের গুরুত্বপূর্ণ উৎসও।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০২০ সালে কৌশলগত ইউরেনিয়াম মজুদের জন্য ১৫ কোটি ডলার ব্যয়ের প্রস্তাব দিয়েছিলেন, ওই পরিকল্পনায় জো বাইডেন প্রশাসনের কর্মকর্তাদেরও সমর্থন আছে।

যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের কোম্পানিগুলো এখন রাশিয়ার বাইরে থেকে পরমাণু চুল্লির জ্বালানি আনা যায় কিনা, তা খোঁজা শুরু করেছে।

সুইডিশ বিদ্যুৎ কোম্পানি ভেটেনফল এবি কয়েকদিন আগে ইউক্রেইন সংঘাতকে কারণ হিসেবে দেখিয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের পারমাণবিক চুল্লির জন্য রাশিয়ার ইউরেনিয়াম কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে।