খারকিভে রাশিয়ার ছত্রীসেনাদের আক্রমণ
ইউক্রেইনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের উত্তরপূর্বে রাশিয়ার ছত্রীসেনারা অবতরণ করার পর শহরটির একটি সামরিক হাসপাতালে আক্রমণ চালিয়েছে বলে ইউক্রেইনের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন।
মঙ্গলবার থেকে শহরটির ওপর রুশ গোলাবর্ষণ আরও তীব্র হয়ে ওঠার পর এ আক্রমণের খবর এল বলে জানিয়েছে বিবিসি।
ইউক্রেইনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, বুধবার ভোরে (স্থানীয় সময়) খারকিভ ও আশপাশের এলাকায় বিমান হামলার সাইরেন বেজে ওঠার পরপরই আক্রমণ শুরু হয়।
বুধবার ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি খারকিভে রাশিয়ার বোমাবর্ষণকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছেন।
এর আগে মঙ্গলবার সকালে খারকিভের কেন্দ্রস্থলে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত ও ৩৫ জন আহত হয়। এই হামলা শহরের কেন্দ্রস্থলে ফ্রিডম স্কয়ারের সরকারি ভবনগুলো লক্ষ্য করে চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
পরে খারকিভের একটি আবাসিক এলাকায় আরেকটি ক্ষেপণাস্ত্র হামলা হয়।
এ দিন শহরটিতে অন্তত ১৭ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে শহরটির জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
খারকিভে গত কয়েকদিন ধরেই ব্যাপক বোমাবর্ষণ করছে রুশ বাহিনী। শহরটিতে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই হচ্ছে। ইউক্রেইনের উত্তরপূর্বের এই শহরে ১৬ লাখ মানুষের বাস। শহরটির অধিকাংশ বাসিন্দাই রুশ ভাষায় কথা বলেন।
