রুশ-ইউক্রেইন প্রথম বৈঠকে ‘সমাধানের কিছু পথ’ চিহ্নিত
বেলারুশে ইউক্রেইন-রাশিয়া প্রথমদফা বৈঠকে যুদ্ধ সংকট সমাধানে আলোচনা এগিয়ে নিতে কিছু পথ চিহ্নিত হয়েছে। উভয় দেশের প্রতিনিধিরা সেগুলো নিয়ে পরামর্শের জন্য যার যার রাজধানীতে ফিরে গেছেন।
ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের পঞ্চম দিনে যুদ্ধ বন্ধের লক্ষ্যে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এ শান্তি আলোচনা শুরু হয়। বৈঠক শুরুর আগেই ইউক্রেইনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়, তারা এ মুহূর্তে যুদ্ধবিরতি এবং রুশ সেনা প্রত্যাহার চায়।
সোমবার স্থানীয় সময় দুপুর ১টার একটু আগে উভয় পক্ষের প্রতিনিধিরা বেলারুশে আলোচনায় বসেন। দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে ওই আলোচনা চলে বলে জানায় সিএনএন।
বৈঠক শেষে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক সাংবাদিকদের বলেন, ‘‘ইউক্রেইন ও রাশিয়ার প্রতিনিধিরা প্রথমদফা আলোচনা করেছেন। এবারের আলোচনায় তাদের মূললক্ষ্য ছিল যুদ্ধবিরতি এবং ইউক্রেইনের ভূখণ্ডে চলমান যুদ্ধ অবসানের পথ খুঁজে বের করা।
“প্রতিনিধিরা এসব বিষয় নিয়ে আন্তরিকতার সঙ্গে আলোচনা করে একটি পথ খুঁজে বের করতে বদ্ধপরিকর ছিলেন। সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে ভবিষ্যতে আলোচনার বিষয়েও তারা একমত হয়েছেন।”
“এখন তারা পরামর্শ করার জন্য যার যার রাজধানীতে ফিরে যাচ্ছেন। উভয়পক্ষ আরও এক দফা বৈঠকে বসা নিয়ে আলোচনা করেছে, যেখানে এসব আলোচনার আরো আগ্রগতি হতে পারে।”
ছবি: রয়টার্স
ইউক্রেইনের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী আলেক্সি রেজনিকভ। তাদের মূল দাবি ছিল, এখনই যুদ্ধবিরতি এবং পুরো ইউক্রেইন থেকে রুশ সেনা প্রত্যাহার করে নেয়া। এই বৈঠক ইউক্রেইনে শান্তি ফেরাতে পারবে এমনটা কেউই আশা করছেন না। খোদ জেলনস্কিও গত রোববার তেমনটাই বলেছেন।
তিনি বলেছেন, এই আলোচনা সফল হবে এমনটা তিনি বিশ্বাস করেন না।“তারপরও চলমান উত্তেজনা প্রশমনের একটা সুযোগ তো আছেই। তা সেই সুযোগ যত ছোটই হোক।”
বেলারুশে রুশ-ইউক্রেইন প্রতিনিধিদের মধ্যে যখন বৈঠক চলেছে তখন ইউক্রেইনের দুইটি শহর দখল করে নিয়েছে রুশ বাহিনী। রাজধানী কিয়েভেও সে সময় তিনটি বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ওদিকে, জেলেনস্কি এদিন ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেইনের সদস্যপদ চেয়ে ব্রাসেলসে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছেন।
ইউক্রেইনে যুদ্ধ বন্ধে পুতিন-ম্যাক্রোঁ ফোনালাপ:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে ইউক্রেইনে আগ্রাসন বন্ধ করার অনুরোধ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
সোমবারের ওই ফোনালাপে যত দ্রুত সম্ভব ইউক্রেইনে যুদ্ধবিরতি ঘোষণা করার উপরও ম্যাক্রোঁ জোর দিয়েছেন বলে তার কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ম্যাক্রোঁ রুশ প্রেসিডেন্টকে সব ধরনের হামলা বন্ধ করতে বলেছেন। বলেছেন, বেসামরিক নাগরিক এবং তাদের আবাসস্থলে হামলা বন্ধ করুন।
বেসামরিক অবকাঠামো রক্ষা করুন এবং প্রধান সড়কগুলো নিরাপদ রাখুন। জবাবে পুতিন ওইসব অনুরোধ রক্ষার চেষ্টা করার ইচ্ছা প্রকাশ করেছেন বলেও বিবৃতিতে দাবি করা হয়। ক্রেমলিন থেকেও এক বিবৃতিতে পুতিন-ম্যাক্রোঁ ফোনালাপের খবর নিশ্চিত করা হয়েছে বলে জানায় বিবিসি।
ক্রেমলিন থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, পুতিন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে বলেছেন, ‘‘যদি রাশিয়ার বৈধ নিরাপত্তা স্বার্থকে বিবেচনায় নেওয়া হয় তবেই কেবলমাত্র একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব। রাশিয়ার এই নিরাপত্তা স্বার্থের মধ্যে ক্রিমিয়া জুড়ে রাশিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়া, ইউক্রেইনকে নিরস্ত্রীকরণ এবং সেখানে নাৎসিবাদ নির্মূলের জন্য একটি প্রস্তাবনা পাস এবং ইউক্রেইনের নিরপেক্ষা রাষ্ট্র থাকা নিশ্চিত করার দাবিও রয়েছে।”
ক্রেমলিনের পক্ষ থেকে প্রকাশিত বিবতিতে একথা স্পষ্ট হয়েছে যে, যেসব যুক্তি এবং দাবিতে ইউক্রেইনের হামলার নির্দেশ পুতিন দিয়েছিলেন তা থেকে তার একচুল নড়ার ইঙ্গিত নেই।পশ্চিমাদের কাছ থেকে নজিরবিহীন নিষেধাজ্ঞায় তিনি যে কোনো চাপ বোধ করছেন তার কোনো লক্ষণও বিবৃতিতে পাওয়া যায়নি।
তবে ফ্রান্সের বিবৃতিতে বলা হয়েছে, সংঘাত যাতে আয়ত্তের বাইরে না চলে যায় সেজন্য প্রেসিডেন্ট ম্যাক্রোঁ প্রেসিডেন্ট পুতিনকে আগামী দিনগুলোতে যোগাযোগ অব্যাহত রাখার অনুরোধ করেছেন।
