ইউক্রেইনেও ‘ট্যাঙ্ক ম্যান’, ভিডিও ভাইরাল
রুশ সাঁজোয়া বহরকে থামাতে সামনে গিয়ে দাঁড়ালেন একাই; নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া ৩০ সেকেন্ডের ভিডিওতে এক ইউক্রেনীয়র এমন প্রতিরোধের সঙ্গে চীনের তিয়ানআনমেন স্কয়ারের ‘ট্যাঙ্ক ম্যান’র তুলনা করছেন অনেকে।
ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের দ্বিতীয় দিনে শুক্রবার ভিডিওটি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। ভিডিওতে দেখা যায়, সারিবদ্ধভাবে চলা সাঁজোয়া যান সামনে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। এ সময় একটি সাঁজোয়া যান পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই ব্যক্তিও তার দিকেই অগ্রসর হচ্ছিলেন।
এভাবে তিনি মূলত সমরযানগুলোকে থামানোর চেষ্টা করেছেন বলে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গর্ডিয়ান।
ভিডিওটি শেয়ার করে ইউক্রেইনের সংবাদমাধ্যম এইচবি টুইট করেছে, “ইউক্রেইনীয় ব্যক্তি সাঁজোয়া বহরের দিকে ছুটছেন, যাতে দখলদাররা পার না হতে পারে।”
রাজনৈতিক স্বাধীনতার দাবিতে ১৯৮৯ সালে হাজার হাজার শিক্ষার্থী চীনের রাজধানী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে জড়ো হয়ে কয়েক সপ্তাহ ধরে যখন বিক্ষোভ করেছিল, ওই বিক্ষোভ দমনে ট্যাঙ্ক নামিয়েছিল সরকার।
চীনের সেই ট্যাংক ম্যান। সংগৃহীত ছবি
তখন বাজারের একটি ব্যাগ হাতে চলন্ত ট্যাঙ্কের সামনে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। নাম নিশ্চিত হতে না পারা ওই ব্যক্তিকে ‘ট্যাঙ্ক ম্যান’ অ্যাখ্যা দেওয়া হয়। ওই ছবি টাইম ম্যাগাজিনের সর্বকালের ১০০টি প্রভাবশালীর ছবির জায়গাও দখল করে নেয়।
চীনের সেই ‘ট্যাঙ্ক ম্যান’কে আজও খুঁজে পাওয়া যায়নি। এখন রুশ সাঁজোয়া বহর প্রতিরোধের চেষ্টাকারী ইউক্রেনীয়র মধ্যে ‘ট্যাঙ্ক ম্যান’র ছায়া খুঁজছেন অনেকেই।
হেনরি ল্যাংস্টন নামে একজন ফ্রিল্যান্স সাংবাদিক টুইট করেছেন, “আশ্চর্যজনকভাবে সাহসী এক ইউক্রেনীয় তিয়ানআনমেন স্কয়ারের ‘ট্যাঙ্ক ম্যান’র মতোই রুশ সামরিক যানের বহরকে থামানোর চেষ্টা করেছে।”
গার্ডিয়ান লিখেছে, ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে তা স্পষ্ট নয়। তবে বহরে ১০টির বেশি ট্যাংক দেখা যায়। অনেক ট্যাংকের গায়ে ইংরেজি ‘Z’ বর্ণ রয়েছে। ইউক্রেইন সীমান্তে জড়ো হওয়া রাশিয়ার সৈন্যদের ট্রাকগুলোতে এই চিহ্ন দেখা গেছে।
এদিকে রাজধানী কিয়েভ অভিমুখে ট্যাংক নিয়ে আগুয়ান রুশ বাহিনীকে ঠেকানোর মরিয়া চেষ্টায় শুক্রবার সাধারণ নাগরিকদের হাতে হাতে অস্ত্র তুলে দিয়েছে ইউক্রেইন সরকার। পালিয়ে না গিয়ে দেশ রক্ষায় রুখে দাঁড়াবার আহ্বান জানানো হয়েছে পুরুষদের।
ইউক্রেইনের স্বরাষ্ট্র মন্ত্রালয়ের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের ১৮ হাজার আগ্নেয়াস্ত্র দেওয়া হয়েছে। পাশাপাশি মলোটভ ককটেল বানিয়ে রাখার আহ্বান জানিয়ে লিফলেট বিলি করা হচ্ছে।
শুরু থেকেই নাগরিকদের যুদ্ধে নামার আহ্বান ও সাহস দিয়ে আসছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট। রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় তার ভূমিকার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পাচ্ছেন জেলেনস্কি।
সাবেক এই কৌতুকাভিনেতা এর আগেও অনুপ্রেরণাদায়ী কিছু বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
বলেছেন, “যখন তোমরা আমাদের আক্রমণ করবে, আমাদের মুখ দেখবে, পিঠ না।”
শুক্রবার রাতে সঙ্গীসাথীদের নিয়ে কিয়েভের পথে হাঁটার একটি ভিডিও সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করেছেন জেলেনস্কি। সেখানে তিনি বলেছেন, রুশ হামলার মুখেও রাজধানী থেকে পালাননি তারা।
আরও পড়ুন:
