২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যের বিমান নিষিদ্ধ করেছে রাশিয়া

রাশিয়া তাদের আকাশে যুক্তরাজ্যের বিমান চলাচল নিষিদ্ধ করেছে। রাশিয়ার বিমানবন্দরে অবতরণও করতে পারবে না ব্রিটিশ এয়ারলাইন্সের কোনও বিমান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2022, 08:02 PM

Updated : 28 Apr 2022, 11:43 PM

রাশিয়া বলেছে, “যুক্তরাজ্যের বিমান চলাচল কর্তৃপক্ষের অবন্ধুসুলভ সিদ্ধান্তের” পাল্টা জবাবে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

বিবিসি জানায়, বৃহস্পতিবার যুক্তরাজ্য রাশিয়ার জাতীয় এয়ারলাইন্স অ্যারোফ্লোটের চলাচল নিষিদ্ধ করেছে।

ইউক্রেইনে মস্কোর আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর নিষেধজ্ঞা আরোপের আওতায় যুক্তরাজ্য ওই পদক্ষেপ নেয়। এরই পাল্টা জবাব দিল রাশিয়া।

গত এক সপ্তাহে যুক্তরাজ্য এবং রাশিয়ার মধ্যে একমাত্র অ্যারোফ্লোট এবং ব্রিটিশ এয়ারওয়েজের যাত্রীবাহী ফ্লাইটই চলাচল করেছে।

এই ৭ দিনে যুক্তরাজ্য এবং রাশিয়ার মধ্যে মোট ২৪ টি ফ্লাইটের শিডিউল ছিল। আর লন্ডন এবং মস্কোর সেরেমেতিয়েভো বিমানবন্দরের মধ্যে চলাচল করার কথা ছিল অ্যারোফ্লোটের ১৬ টি এবং ব্রিটিশ এয়ারওয়েজের ৮ টি ফ্লাইট।

ব্রিটিশ এয়ারওয়েজের চেয়ে যুক্তরাজ্য এবং রাশিয়ার মধ্যে অ্যারোফ্লোটের ফ্লাইট বেশি চলাচল করে। ফলে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার কারণে অ্যারোফ্লোট বেশি ক্ষতির মুখে পড়বে।

তবে ‍যুক্তরাজ্যের বিমান চলাচলের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞার আওতা বেশি বিস্তৃত। রাশিয়া কেবল ব্রিটিশ বিমান চলাচলই নিষিদ্ধ করেনি, বরং আকাশসীমাও পাড়ি দেওয়া নিষিদ্ধ করেছে।

এর আগে বৃহস্পতিবার ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর কিয়েভ তাদের আকাশসীমা বন্ধ করেছে। মলদোভাও বলেছে তারা তাদের আকাশ বন্ধ করে দিচ্ছে। বেলারুশও আকাশসীমা আংশিক বন্ধ করেছে।

ইউরোপীয় ইউনিয়নের বিমান চলাচল সংস্থা ইউক্রেইন সীমান্ত এবং রাশিয়ার আকাশসীমা দিয়ে বিমান চলাচল ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছে।